শিল্পের বিকাশের সঙ্গে কর্মসংস্থান ও দেশের অর্থনৈতিক অগ্রগতি নিবিড়ভাবে জড়িত। তাই আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে শিল্পকারখানার উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করতে হবে। একই সঙ্গে কোনো অশুভ তৎপরতায় যেন শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন ও কার্যক্রম ব্যাহত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে টঙ্গী শিল্পাঞ্চলে বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি লিমিটেডের সদ্য সমাপ্ত প্রকল্পের আওতায় নির্মিত কারখানার বাণিজ্যিক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ১৯৭৯ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে ১৯৮৫ সালে প্রতিষ্ঠানটির পূর্ণাঙ্গ বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। দেশের শিল্পোন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে এ ধরনের শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন অব্যাহত রাখা এবং উন্নয়নের ধারা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, কোনো অশুভ শক্তি যেন কারখানাটির উৎপাদন ব্যাহত করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। শিল্পপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম স্থবির হয়ে পড়লে দেশের চাহিদা পূরণে সংকট তৈরি হতে পারে। তাই শিল্পকারখানার সক্ষমতা বৃদ্ধি ও উৎপাদনশীলতা বাড়ানোর বিকল্প নেই।
গতানুগতিক উৎপাদনব্যবস্থা থেকে বেরিয়ে এসে আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিল্পব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। শিল্পের অগ্রগতি ত্বরান্বিত করা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদন সক্ষমতা বাড়াতে প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান রিজভী।
বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) চেয়ারম্যান আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাশেদুল ইসলাম, বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শহিদুল ইসলামসহ প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।
আরও পড়ুন:







