শনিবার

১০ অক্টোবর, ২০২৬ ২৫ আশ্বিন, ১৪৩৩

প্রশ্নফাঁসের জন্য আমাকে ফাঁসানো যায় না, প্রশ্ন আসিফ মাহমুদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৬ ১৪:১৭

শেয়ার

প্রশ্নফাঁসের জন্য আমাকে ফাঁসানো যায় না, প্রশ্ন আসিফ মাহমুদের
ছবি সংগৃহীত

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা স্থগিতের ঘটনায় প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। প্রশ্নফাঁস ও নিয়োগ বাণিজ্যের অভিযোগের মধ্যে শনিবার পরীক্ষা স্থগিতের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চাকরিপ্রার্থীরা।

শনিবার দুপুর ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁসের জন্য তাঁকে কোনোভাবে ফাঁসানো যায় কি না। একই পোস্টে তিনি মে ২০২৬-এর পদোন্নতি নিয়ে তাঁর বিরুদ্ধে অনুসন্ধান চলার কথা উল্লেখ করেন। পাশাপাশি প্রশ্নফাঁস ও নিয়োগ বাণিজ্যের যুগ আবারও শুরু হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১১টার দিকে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা শুরু হয়। তবে পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই তা স্থগিতের ঘোষণা দেওয়া হলে ক্ষুব্ধ হয়ে ওঠেন পরীক্ষার্থীরা।

রাজধানীর বিভিন্ন সড়কে অবরোধ

পরীক্ষা স্থগিতের প্রতিবাদে পরীক্ষার্থীরা কেন্দ্র থেকে বেরিয়ে মানিক মিয়া অ্যাভিনিউ, টেকনিক্যাল মোড়সহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়ক অবরোধ করেন। এতে মিরপুর সড়ক, মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হয়।

সড়ক অবরোধের কারণে সাধারণ পথচারী, কর্মজীবী মানুষ ও যাত্রীরা ভোগান্তিতে পড়েন। রাজধানীর এসব এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।