বুধবার

৭ অক্টোবর, ২০২৬ ২১ আশ্বিন, ১৪৩৩

বাউফলকে মডেল পৌরসভা হিসেবে গড়ার তাগিদ এমপি মাসুদের

ইমরান হোসেন, পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৬ ২৩:০৩

শেয়ার

বাউফলকে মডেল পৌরসভা হিসেবে গড়ার তাগিদ এমপি মাসুদের
ছবি: বাংলা এডিশন

পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ‘‘বাউফল পৌরসভা আপনাদের। এটিকে রক্ষা করা, সুন্দর করা এবং পৌরবাসীর জন্য একটি আধুনিক ও বসবাসযোগ্য পৌরসভা হিসেবে গড়ে তোলার দায়িত্বও আপনাদের। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে একটি সুন্দর পৌরসভা গড়ে তোলা সম্ভব।’’

​মঙ্গলবার বাউফল পৌরসভাকে আরও সচল, আধুনিক ও জনবান্ধব করার লক্ষ্যে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সালেহ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ড. শফিকুল ইসলাম মাসুদ পৌরসভার সার্বিক কার্যক্রম, নাগরিক সেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সংসদ সদস্য বলেন, একটি পৌরসভার উন্নয়ন শুধু রাস্তাঘাট নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; নাগরিকদের নিরাপদ, পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করাই একটি আধুনিক পৌরসভার মূল লক্ষ্য। এ সময় তিনি পৌর এলাকার সড়ক উন্নয়ন ও সংস্কার, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা, জনস্বাস্থ্য এবং সার্বিক নাগরিক সেবার মান বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

​পৌরবাসীকে সর্বোচ্চ সেবা দেয়ার ওপর জোর দিয়ে তিনি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, ‘‘পৌরবাসীর অর্থে পরিচালিত এই প্রতিষ্ঠান থেকে জনগণ সর্বোচ্চ সেবা পাওয়ার অধিকার রাখেন। তাই সেবার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি কাম্য নয়।’’ তিনি কর্মকর্তাদের দায়িত্বশীলতা, আন্তরিকতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান জানান এবং জনগণের যেকোনো অভিযোগ বা সমস্যা ঝুলিয়ে না রেখে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেন।

সাম্প্রতিক সময়ে ডেঙ্গু প্রতিরোধ প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, জনস্বাস্থ্য রক্ষায় পৌরসভাকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তিনি পৌর এলাকার বিভিন্ন স্থানে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির তাগিদ দেন।

​সবশেষে বাউফল পৌরসভাকে পরিকল্পিতভাবে আধুনিকায়ন করতে জনপ্রতিনিধি, প্রশাসন, পৌরসভার কর্মচারী এবং পৌরবাসীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান ড. মাসুদ। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সবার যৌথ প্রচেষ্টায় বাউফলকে একটি পরিচ্ছন্ন, সুন্দর, নিরাপদ ও মডেল পৌরসভায় রূপান্তর করা সম্ভব হবে।

​উক্ত মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, পৌরসভার সাধারণ বাসিন্দা এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।