মঙ্গলবার

৬ অক্টোবর, ২০২৬ ২০ আশ্বিন, ১৪৩৩

পঞ্চগড়ে হানিট্রাপের অভিযোগে যুবদলের দুই নেতা আটক

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৬ ২২:২৬

শেয়ার

পঞ্চগড়ে হানিট্রাপের অভিযোগে যুবদলের দুই নেতা আটক
ছবি সংগৃহীত

পঞ্চগড়ের বোদা উপজেলায় হানিট্রাপে জড়িত থাকার অভিযোগে যুবদলের দুই নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। আটক দুজন হলেন বোদা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি (৩০) ও ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সোহেল রানা (৩৪)।

রবিবার (৪ অক্টোবর) বিকেলে তাদের আটক করা হয়। এ ঘটনায় সোমবার (৫ অক্টোবর) ভুক্তভোগী যুবক পরিমল চন্দ্র বর্মন বোদা থানায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জনকে আসামি করে মামলা করেন।

মামলার আসামিরা হলেন বোদা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি (৩০), ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সোহেল রানা (৩৪), বোদা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহীন মজুমদার (৫০), ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফ (৩৫) এবং ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রাজু ইসলাম (৩২)।

মামলার অভিযোগে যা বলা হয়েছে

মামলার অভিযোগ অনুযায়ী, ৩ অক্টোবর রাতে আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের চামেশ্বরী এলাকার যতিন চন্দ্র বর্মনের ছেলে পরিমল চন্দ্র বর্মন (৩০) বোদা পৌরসভার প্রামানিকপাড়া শিমুলতলী মোড়ে চা খেতে যান। সেখানে এক নারী তাকে কথা বলার জন্য কাছে ডাকেন। পরিমল ওই নারীর কাছে যাওয়ার পর মামলায় উল্লেখ করা আসামিরা ও তাদের সহযোগীরা তাকে আটক করে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, ওই নারীর সঙ্গে পরিমলের অনৈতিক সম্পর্ক রয়েছে দাবি করে তাকে এলাকার ইলেকট্রিশিয়ান ইউসুফ আলীর বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে আবারও মারধর করে ১০০ টাকার চারটি ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করতে বাধ্য করা হয়। একই সঙ্গে তার কাছে থাকা নগদ টাকা ও চাবিসহ মোটরসাইকেল নিয়ে নেওয়া হয়।

বিষয়টি গোপন না রাখলে প্রাণনাশের হুমকি দিয়ে তাকে আটোয়ারী মোড়ে পৌঁছে দিয়ে আসামিরা চলে যান বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

বাড়ি ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানান পরিমল। পরদিন বিকেলে পরিবারের সদস্যদের নিয়ে তিনি বোদা পৌরসভার প্রামানিকপাড়া শিমুলতলী মোড়ে যান। সেখানে যুবদল নেতা আনোয়ার হোসেন ও সোহেল রানাকে দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে স্বাক্ষর নেওয়া স্ট্যাম্প ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয় বলে মামলার অভিযোগে বলা হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

চার যুবদল নেতার পদ স্থগিত

ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজু ইসলাম ছাড়া মামলার বাকি চার আসামির প্রাথমিক পদসহ দলীয় পদ স্থগিত করেছে বোদা পৌর যুবদল। একই সঙ্গে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) বোদা পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক অলিয়ার রহমান অলি ও সদস্য সচিব আফছারুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বোদা পৌর যুবদলের সদস্য সচিব আফছারুল ইসলাম বলেন, ঘটনার জেরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চার নেতার পদ স্থগিত করে নোটিশ করা হয়েছে। তবে রাজু ইসলাম এ ঘটনায় জড়িত ছিলেন না। তার নাম কেন মামলায় দেওয়া হয়েছে, তা তিনি বুঝতে পারছেন না।

বোদা থানার অফিসার ইনচার্জ সোয়েল রানা বলেন, এ ঘটনায় দুই আসামিকে আটক করা হয়েছে। অন্যদের আটকের অভিযান অব্যাহত রয়েছে।