রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে শিক্ষার্থীদের ওপর হামলা এবং হামলার ভিডিও সংগ্রহের সময় সাংবাদিকদের মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মঞ্চ ২৪, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।
মঞ্চ ২৪-এর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তালহা তামিমের দেওয়া বিবৃতিতে বলা হয়, হামলার ভিডিও সংগ্রহের সময় দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মঈনুল ইসলাম রাজু, ডেইলি স্টার, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, আগামীর সময়সহ অন্তত ছয় থেকে সাতটি গণমাধ্যমের সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে।
গণতান্ত্রিক পরিবেশ ও সাংবাদিকতার স্বাধীনতায় আঘাতের দাবি
বিবৃতিতে বলা হয়, সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর সংঘটিত এই হামলা শুধু ব্যক্তির ওপর আক্রমণ নয়; এটি বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ, মুক্ত সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। শিক্ষা ও সন্ত্রাস কখনো একসঙ্গে চলতে পারে না। সত্য প্রকাশে বাধা দিতে সাংবাদিকদের লক্ষ্য করে চালানো সহিংসতাও গ্রহণযোগ্য নয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
মঞ্চ ২৪ বলেছে, ক্যাম্পাসে ধারাবাহিক বিশৃঙ্খলার মধ্যে সাধারণ শিক্ষার্থী ও কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। প্রশাসনের নীরবতা ও কার্যকর পদক্ষেপের অভাব অপরাধীদের আরও বেপরোয়া করে তুলছে বলেও সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
হামলাকারীদের গ্রেপ্তার ও স্থায়ী বহিষ্কারের দাবি
বিবৃতিতে হামলায় জড়িতদের অবিলম্বে শনাক্ত করে গ্রেপ্তার, বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। একই সঙ্গে হামলায় আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছে মঞ্চ ২৪।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী, সাংবাদিক ও সংশ্লিষ্ট সবার জন্য নিরাপদ পরিবেশ তৈরিতে কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো রাজনৈতিক পরিচয়, সংগঠনের পরিচয় কিংবা ক্ষমতার প্রভাব ব্যবহার করে সন্ত্রাস ও সহিংসতা চালানোর সুযোগ থাকতে পারে না। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া এবং শিক্ষার্থীদের ওপর হামলার মতো ঘটনার বিচার নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব।
মঞ্চ ২৪ জানিয়েছে, শিক্ষার্থীদের অধিকার ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হলে সাধারণ ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি দিতে তারা বাধ্য হবে।
আরও পড়ুন:







