বিমানবন্দরে যাত্রী হয়রানি ও কর্তৃপক্ষের উদাসীনতার বিরুদ্ধে প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার ও অপমানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
রবিবার (৪ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দুর্বলতা সংশোধন না করে প্রতিবাদী কণ্ঠ দমন করা হলেও আখতারুজ্জামান অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে বীরত্বের প্রমাণ দিয়েছেন এবং জনগণের হৃদয়ের বীরে পরিণত হয়েছেন।
ডা. শফিকুর রহমানের মতে, কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়। তবে মেজর (অব.) আখতারুজ্জামান বিমানবন্দরে সাধারণ যাত্রী ও বিদেশফেরত প্রবাসীদের দীর্ঘদিনের দুর্ভোগ, ভোগান্তি ও নানা অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হয়ে ভুক্তভোগী মানুষের প্রতিবাদের কণ্ঠে পরিণত হয়েছিলেন।
কর্তৃপক্ষের আচরণের সমালোচনা
জামায়াত আমির বলেন, আখতারুজ্জামানের প্রতিবাদকে আমলে নিয়ে বিমানবন্দরের দুর্বলতাগুলো সংশোধনের পরিবর্তে তাকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে দুইবারের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধাকে জনসম্মুখে অপমানিত করার নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, জনগণ অন্ধ নয়, তারা সবকিছু দেখছে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আখতারুজ্জামান বীরত্বের প্রমাণ দিয়েছেন এবং ভুক্তভোগী মানুষের হৃদয়ের বীরে পরিণত হয়েছেন। তার সম্মান বৃদ্ধির জন্য আল্লাহর কাছে প্রার্থনাও করেন ডা. শফিকুর রহমান।
আরও পড়ুন:







