শনিবার

৩ অক্টোবর, ২০২৬ ১৮ আশ্বিন, ১৪৩৩

দু-একটি অঘটনে আলেম সমাজ ও মাদ্রাসাকে কাঠগড়ায় তোলা হয়: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৬ ১৪:২৪

শেয়ার

দু-একটি অঘটনে আলেম সমাজ ও মাদ্রাসাকে কাঠগড়ায় তোলা হয়: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

দু-একটি অঘটনের কারণে আলেম সমাজ ও মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির।

শনিবার সকালে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে আয়োজিত জাতীয় মুফাসসির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন এ সম্মেলনের আয়োজন করে।

আলেমদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, ‘দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয়। মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয়। সাদা কাপড়ে বেশি দাগ লাগে। তাই আমাদের সতর্ক হতে হবে।’

জামায়াত আমির বলেন, দেশে কওমি ও আলিয়া—দুই ধরনের মাদ্রাসা রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের কোথাও কোনো ত্রুটি থাকলে তা অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ত্রুটির সঙ্গে তুলনা করে দেখার সুযোগ নেই।

তিনি বলেন, ‘কলেজ-বিশ্ববিদ্যালয়ে বেশি আছে’—এ ধরনের যুক্তি দিয়ে মাদ্রাসার ত্রুটিকে আড়াল করা যাবে না। কারণ কলেজ-বিশ্ববিদ্যালয় ইসলামের নামে পরিচালিত হয় না। অন্যদিকে মাদ্রাসার মূল ধারণাই ইসলামকে কেন্দ্র করে। তাই মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে আরও স্বচ্ছ ও সতর্ক থাকতে হবে।

মাদ্রাসার আদর্শ হিসেবে মদিনার মসজিদে নববীর সঙ্গে তুলনা করার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের তুলনা হবে মদিনার মসজিদের নববীর মাদ্রাসার সঙ্গে। যে মাদ্রাসার শিক্ষক ছিলেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)। ছাত্র ছিলেন আসহাবে কুহফার তাইয়্যেব সাহাবিগণ।’