গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সমাবেশে শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য দেন ছাত্রদল নেতা রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারী।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে টঙ্গীর কাদেরিয়া স্কুল মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে টঙ্গী সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন গাজীপুর মহানগর টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক সভাপতি রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারী।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে উদ্দেশ করে প্রত্যয় বেপারী বলেন, ‘যেই নেত্রী ভার্চুয়ালি নেতাকর্মীদের সামনে আসতে পারে না, সে আবার দেশে আসার কথা বলে! যার ভার্চুয়ালি আসার ক্ষমতা নেই, তাকে বাংলার জনগণ ৫ তারিখেই শেষ করে দিয়েছে। আমরাও চাই উনি দেশে আসুক, কারণ উনার জন্য ফাঁসির মঞ্চ তৈরি হয়ে আছে। তিনি জীবনেও এ দেশে ফিরবেন না।’
তিনি আরও বলেন, অবৈধ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ কিংবা ছাত্রলীগের ক্যাডাররা মাঠে নামার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।
জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নাসির উদ্দিন পাটোয়ারীর সমালোচনা করে প্রত্যয় বেপারী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার জন্য অনেকে অপ্রাসঙ্গিক ও বিতর্কিত বক্তব্য দিচ্ছেন। এনসিপির নাসির পাটোয়ারীও সেই দলে নাম লিখিয়েছেন।
নাসির উদ্দিন পাটোয়ারীকে সতর্ক করে তিনি বলেন, ‘বাঘে ধরলে ছাড়ে, শুনছি পুলিশে ধরলেও ছাড়ে, কিন্তু ছাত্রদল ধরলে রক্ষা নেই। সাবধান হয়ে যান, নতুবা পরিণতি ভালো হবে না।’
বিক্ষোভ মিছিল ও সমাবেশে ছাত্রদল নেতা শাহাদাত হোসেন দিপু দেওয়ান, সৌকত, হৃদয়, ইমরান, সাফিন, অনিকসহ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:







