শুক্রবার

২ অক্টোবর, ২০২৬ ১৭ আশ্বিন, ১৪৩৩

ফেরদৌসী আহমেদ মিষ্টিকে বিএনপি থেকেও পদত্যাগের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ অক্টোবর, ২০২৬ ১৯:১৫

শেয়ার

ফেরদৌসী আহমেদ মিষ্টিকে বিএনপি থেকেও পদত্যাগের নির্দেশ
ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর পর এবার বিএনপির প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগের নির্দেশ পেয়েছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগের পর দল থেকে পদত্যাগের এ নির্দেশ দেয়া হয়েছে বলে শুক্রবার সন্ধ্যায় বিএনপি সূত্রে জানা গেছে।

মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার অভিযোগের প্রেক্ষাপটে মিষ্টির বিরুদ্ধে এ সাংগঠনিক সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে।

এর আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন মিষ্টি। ওই দিন তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে তা গ্রহণ করা হলে সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা করা হয়।

নিজের পদত্যাগপত্রে মিষ্টি উল্লেখ করেন, তিনি সম্পূর্ণ সজ্ঞানে ও স্বেচ্ছায় সংসদ সদস্য পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে সেখানে পদত্যাগের কারণ উল্লেখ করেননি।

এর আগে সংসদ ভবনে সাংবাদিকদের সাথে কথা বলার সময় রাড্ডা সেন্টারের ঘটনায় তদন্তের দাবি জানান মিষ্টি। তিনি বলেন, তদন্তে যে তথ্য বেরিয়ে আসবে, সেটিই গ্রহণযোগ্য হবে। দলীয় সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাইলে তার বক্তব্য ছিল, বিএনপি যে সিদ্ধান্ত নেবে, সেটিই হবে।

রাড্ডা সেন্টারের ঘটনাকে ঘিরে বিএনপির সাংগঠনিক পর্যায়েও বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করার পাশাপাশি দল ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা গেছে।

তবে বিএনপির প্রাথমিক সদস্যপদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেয়ার বিষয়ে শুক্রবার পর্যন্ত দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। ফলে বিষয়টি আপাতত দলীয় সূত্রের তথ্য হিসেবেই রয়েছে।