শুক্রবার

২ অক্টোবর, ২০২৬ ১৭ আশ্বিন, ১৪৩৩

হাসিনা আসুক, এটা আমরা চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ অক্টোবর, ২০২৬ ১৭:৩০

শেয়ার

হাসিনা আসুক, এটা আমরা চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়
ছবি সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

শুক্রবার (২ অক্টোবর) সকালে মাগুরায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নিতাই রায় চৌধুরী বলেন, হাসিনা আসুক, এটা আমরা চাই। তাকে প্রত্যর্পণের জন্য লিখিতভাবে জানানো হয়েছে। তার দু-একটি মামলায় ফাঁসির রায় হয়েছে এবং অনেকগুলো বিচারাধীন রয়েছে। তিনি দেশে এলে আইন নিজস্ব গতিতে চলবে।

বিএনপি পালাবার দল নয়

সংস্কৃতিমন্ত্রী বলেন, গত ১৮ বছরে দেশ অন্ধকারে নিমজ্জিত ছিল। ফ্যাসিবাদী সরকার সবকিছু ধ্বংস করে লাখ লাখ, কোটি কোটি টাকা পাচার করেছে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদীদের নির্যাতনের পরও বিএনপির নেতাকর্মীরা পালাননি। আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যাংক লুটপাটের টাকা নিয়ে ভারতে পালিয়ে গেছে। তারা পলাতক শক্তি। বিএনপি কখনো পালায়নি এবং বিএনপি পালাবার দল নয়। বিএনপি রাজপথে প্রস্তুত আছে।

অনুষ্ঠানে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের এমপি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী, মাগুরার জেলা প্রশাসক মো. মোতাকাব্বীর আহমেদ, জেলা পরিষদের প্রশাসক ও মাগুরা কমিউনিটি পুলিশের সভাপতি মো. আলী আহমেদ, মাগুরা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল প্রমুখ।