শুক্রবার

২ অক্টোবর, ২০২৬ ১৭ আশ্বিন, ১৪৩৩

জামায়াতের আচরণে মুনাফিকি ছাড়া কিছু দেখিনি: রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ অক্টোবর, ২০২৬ ১৫:০০

শেয়ার

জামায়াতের আচরণে মুনাফিকি ছাড়া কিছু দেখিনি: রাশেদ খান
ছবি সংগৃহীত

জামায়াতের জন্ম থেকে আজ পর্যন্ত মুনাফিকি আচরণ ছাড়া অন্য কোনো আচরণ দেখা যায়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে ফটিকছড়ি উপজেলার বাবুনগর এলাকায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, জামায়াতের মুখে একটা, অন্তরে আরেকটা। তারা মুখে বলছে সরকারকে সহযোগিতা করছে, অন্যদিকে কীভাবে আওয়ামী লীগকে ফিরিয়ে এনে ১৯৯৬ সালের মতো আন্দোলন করা যায়, সেই অপচেষ্টা করছে।

ডিসেম্বরে সরকার পতনের আন্দোলন প্রসঙ্গে

রাশেদ খাঁন বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের ভাষা আর জামায়াতের ভাষার মধ্যে এই মুহূর্তে কোনো পার্থক্য নেই। জামায়াত ডিসেম্বর মাসকে বেছে নিয়েছে। ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের মাস।

তিনি বলেন, এই মাসে বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে তারাও রাজপথে থাকবেন। ডিসেম্বরে কারা সরকার পতনের আন্দোলন শুরু করে, তা দেখতে চান তারা। যারা সরকারকে সহযোগিতা না করে সরকার পতনের আন্দোলন করবে এবং সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা করবে, বাংলাদেশের জনগণ তাদের রুখে দেবে বলে মন্তব্য করেন তিনি।

শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে

রাশেদ খাঁন বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মী ও মাদ্রাসার শিক্ষার্থীদের ওপর যে গণহত্যা পরিচালিত হয়েছিল, সেই শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচারে বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ইসলামী মূল্যবোধসম্পন্ন বক্তব্য দিয়েছেন। বিশেষ করে ইসলামের নাম ও লেবাস ব্যবহার করে যারা প্রকৃতপক্ষে ইসলামের ক্ষতি করছে, তিনি তাদের কর্মকাণ্ড জনগণের সামনে স্পষ্টভাবে তুলে ধরেছেন।

জান্নাতের টিকিট বিতরণের নামে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা সম্পর্কেও হেফাজতের আমির মানুষকে সচেতন করেছেন বলে জানান রাশেদ খাঁন। তার বক্তব্যের মাধ্যমে বিভ্রান্তির মধ্যে পড়া অনেক মানুষ সচেতন হওয়ার সুযোগ পেয়েছেন বলেও তিনি মন্তব্য করেন।

জামায়াতের কর্মকাণ্ড নিয়ে সন্দেহের কথা বললেন রাশেদ

সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদ খাঁন বলেন, সরকারকে সহযোগিতা করার দাবি করলেও জামায়াতের কিছু কর্মকাণ্ড নিয়ে জনমনে সন্দেহ ও সংশয় তৈরি হয়েছে। ইসলামি রাজনীতির কথা বলে জামায়াত ইসলামী মূল্যবোধ থেকে দূরে সরে গেছে।

তিনি বলেন, ইসলামী মূল্যবোধের কথা বলে ইসলামের বুকে ছুরি মারা যাবে না। মাঠে-ময়দানে জামায়াতের রাজনৈতিক বক্তব্যে জাতি বিভ্রান্ত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির বর্তমান সরকারকে সবার সহযোগিতা করা উচিত বলে জানিয়েছেন উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, রাষ্ট্র পুনর্গঠনে ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর ঐক্য ধরে রাখা প্রয়োজন।

হেফাজতের আমিরের সঙ্গে সাক্ষাৎ

সাক্ষাৎ প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, পবিত্র জুমার দিনে তিনি দোয়া নিতে এসেছেন। আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করেছেন এবং বিএনপি ও দেশের মানুষকে ইসলামী মূল্যবোধের ওপর বিশ্বাস রাখার আহ্বান জানিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মুফতি ফয়সাল হাবিব, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহিন ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাহারুল ইসলাম লাভলু প্রমুখ।