বৃহস্পতিবার

১ অক্টোবর, ২০২৬ ১৬ আশ্বিন, ১৪৩৩

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার অভিযোগে মিষ্টির পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ অক্টোবর, ২০২৬ ১৪:১৮

শেয়ার

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার অভিযোগে মিষ্টির পদত্যাগ
ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসি আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরের দিকে তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন।

এর আগে ফেরদৌসি আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ এ তথ্য নিশ্চিত করেন।

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার অভিযোগ

সম্প্রতি রাজধানীর মিরপুরের বেসরকারি জনস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মিষ্টির বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়।

এর আগে বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনায় সংসদ সদস্য ফেরদৌসি আহমেদ মিষ্টির বিষয়টি তদন্তাধীন। তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছিলেন তিনি।

গত ২৪ সেপ্টেম্বর দিনগত রাতে মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে ভারি যন্ত্র দিয়ে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়।

এ ঘটনায় ফেরদৌসি আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ উঠলেও হামলা ও ভাঙচুরের সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ তিনি অস্বীকার করেছেন।