বুধবার

৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১৫ আশ্বিন, ১৪৩৩

ভারতের আধিপত্যে বাংলাদেশের অর্থনীতি দুর্বল রাখা হয়েছে: সাদ্দাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:১৩

আপডেট: ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:৪০

শেয়ার

ভারতের আধিপত্যে বাংলাদেশের অর্থনীতি দুর্বল রাখা হয়েছে: সাদ্দাম
ছবি সংগৃহীত

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, রাষ্ট্রের দায়িত্ব শুধু অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ নয়; জনগণের মেধা, মনন ও দক্ষতা বিকাশের সুযোগ তৈরি করাও রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। বিশ্বের বিভিন্ন দেশ মেধাবী তরুণদের শিক্ষা, গবেষণা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করলেও বাংলাদেশে এ ধরনের পরিকল্পিত উদ্যোগের ঘাটতি রয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে খুলনার সরকারি বিএল কলেজ ছাত্রশিবির আয়োজিত অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মেধাবী তরুণদের রাজনীতিতে আনার কথা

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, বিভিন্ন দেশে অর্থনীতি ও অন্যান্য ক্ষেত্রে মেধাবী শিক্ষার্থীদের রাজনীতিতে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। সিঙ্গাপুরে রাজনীতিতে আমলাদের পরিবর্তে রাজনীতিবিদদের নেতৃত্ব দেওয়ার অন্যতম কারণ হিসেবে তিনি মেধাবী ও যোগ্য ব্যক্তিদের রাজনীতিতে নিয়ে আসার বিষয়টি উল্লেখ করেন।

তিনি বলেন, চীন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ তাদের বিপুল জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে। বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা বের হওয়ার পর তাঁদের জন্য কর্মসংস্থানের সুযোগও তৈরি করা হচ্ছে।

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা প্রসঙ্গে সাদ্দাম বলেন, এসএসসি পরীক্ষায় বিপুলসংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হলেও তাঁদের নিয়ে রাষ্ট্রীয়ভাবে পর্যাপ্ত পরিকল্পনা নেই। পরীক্ষায় ব্যর্থ শিক্ষার্থীদের প্রশিক্ষণের মাধ্যমে আবারও এগিয়ে নেওয়ার উদ্যোগ থাকা উচিত।

ভারতের আধিপত্যের প্রভাবের দাবি

রাষ্ট্রের উন্নয়ন প্রসঙ্গে ছাত্রশিবির সভাপতি বলেন, জনগণের মনন, মেধা ও দক্ষতা বিকাশের সুযোগ তৈরি করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। তাঁর দাবি, বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক কাঠামোর ওপর ভারতের আধিপত্যের প্রভাব রয়েছে। এ কারণে দেশের অর্থনীতিকে পরিকল্পিতভাবে দুর্বল রাখা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

মেধাবী শিক্ষার্থীদের জন্য বড় আকারের সরকারি বৃত্তি চালুর প্রস্তাব দেন নুরুল ইসলাম সাদ্দাম। সরকার চাইলে বিপুলসংখ্যক শিক্ষার্থীকে বিদেশে উচ্চশিক্ষার জন্য অর্থায়ন করতে পারে বলে মন্তব্য করেন তিনি। মানবসম্পদ উন্নয়নে বড় বাজেট বরাদ্দ দিয়ে বিদেশে পড়াশোনা শেষে তাঁদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ার কথাও বলেন তিনি।

ছাত্রশিবিরের নতুন প্ল্যাটফর্মের ঘোষণা

ছাত্রশিবির থ্রাইভ এন জেন নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করছে বলেও জানান সাদ্দাম। তাঁর দাবি, সেখানে শিক্ষার্থীদের জন্য ইংরেজি, আইইএলটিএস, গবেষণা পদ্ধতি ও বিভিন্ন সফট স্কিলের কোর্স থাকবে। দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও এসব সুবিধা পাবেন বলে জানান তিনি।

নবীন বরণে বিভিন্ন আয়োজন

কলেজ ছাত্রশিবিরের সভাপতি মাহী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী, খুলনা মহানগর ছাত্রশিবিরের সভাপতি রাকিব হাসান ও সেক্রেটারি ইসরাফিল হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন বিএল কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস শেখ কামরুল আলম, সাবেক মহানগর সভাপতি মুকাররম বিল্লাহ আনসারী, আজিজুল ইসলাম ফারাজী, মুশাররফ আনসারী, জাহিদুর রহমান নাঈম ও আরাফাত হোসেন মিলন। অনুষ্ঠান পরিচালনা করেন কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারি আবুল কাসেম।

নবীন বরণ উপলক্ষে কলেজ ক্যাম্পাসে তোরণ, ফেস্টুন, প্ল্যাকার্ড ও ফটো বুথসহ বিভিন্ন আয়োজন করা হয়। ফেস্টুন ও প্ল্যাকার্ডে নবীনদের শুভেচ্ছাবার্তার পাশাপাশি ইসলামের মৌলিক বিষয়, ক্যাম্পাসে শিক্ষার্থীদের দাবিদাওয়া, ছাত্রশিবিরের সাংগঠনিক পরিচিতি, বিশ্ব ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ এবং ফ্যাসিস্ট আমলে শাহাদাত বরণকারী ব্যক্তি ও জুলাই শহীদদের প্রদর্শনী রাখা হয়।

এর আগে বুধবার সকাল সাড়ে ৮টায় খুলনা দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা শাখা আয়োজিত আলিম প্রথম বর্ষের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।