নারায়ণগঞ্জের ফতুল্লায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারায়ণগঞ্জ জেলা এনসিপির সহসাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলামসহ অন্তত চারজন আহত হয়েছেন। আহত অন্যরা হলেন—আব্দুল্লাহ সাগর, আরমনা ও কামরুল।
সোমবার রাত ৮টার দিকে ফতুল্লার বক্তাবলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এনসিপির অভিযোগ, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল এ হামলা চালায়।
জাতীয় নাগরিক পার্টির নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক যুবাইর আহমেদ সর্দার বলেন, ‘বক্তাবলী ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে দলীয় একটি সাংগঠনিক সভার আয়োজন করা হয়। সভা শেষে নেতাকর্মীরা এশার নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়ে বাজারের দিকে যাওয়ার সময় তাঁদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।’
তিনি দাবি করেন, হামলায় জেলা এনসিপির সহসাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলাম ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। এ ছাড়া আরও অন্তত দুইজন নেতাকর্মী আহত হয়েছেন। আহত তাওহীদুল ইসলামকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নীরব রায়হান বলেন, ‘সাংগঠনিক সভা শেষে আমরা স্থানীয় নৌপুলিশ ফাঁড়িতে ধলেশ্বরী নদীতে চলমান অবৈধ মাটি কাটার বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে আলোচনা করতে যাই। পরে এশার নামাজ আদায়ের পর মসজিদ থেকে বের হয়ে বাজারে আসতেই আমাদের ওপর হামলা চালানো হয়।’
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে তারা ফতুল্লা মডেল থানায় গেছেন এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তবে এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা হালিম আজাদের বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আরও পড়ুন:







