সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. হাফিজুর রহমানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ মামলাটি করেন বেলকুচি উপজেলার দক্ষিণ বানিয়াগাতী গ্রামের মোছা. শিউলি আক্তার শিলা (৩৩)।
পরিচয়ের পর মোবাইল ফোনে কথাবার্তা
মামলার এজাহারে বাদীর হলফনামার বরাতে বলা হয়েছে, শিউলি আক্তার শিলা তার স্বামীর সঙ্গে খালুর বাসায় ভাড়া থাকতেন। ওই সূত্রে হাফিজুর রহমানের সঙ্গে তার পরিচয় হয়। মাঝেমধ্যে দেখা হলে হাফিজুর রহমান তার মোবাইল নম্বর চাইতেন। পরে তাদের মধ্যে মোবাইল ফোনে কথাবার্তা হতো।
এজাহারে বলা হয়, শিউলি আক্তারের সঙ্গে তার স্বামীর পারিবারিক কলহের বিষয়টি জানার পর হাফিজুর রহমান তাকে ফোন করে তালগাছী বাসস্ট্যান্ডে আসতে বলেন। সেখানে গেলে হাফিজুর রহমান মোটরসাইকেলে এবং শিউলি আক্তার ভ্যানে করে একটি অজ্ঞাত স্থানে যান।
ঘরে আটকে ধর্ষণের অভিযোগ
মামলার বিবরণে বলা হয়েছে, অজ্ঞাত ওই স্থানে শিউলি আক্তারকে একটি ঘরে আটকে রেখে বিয়ের প্রলোভন দেখানো হয়। এতে রাজি না হওয়ায় তার দুই গালে সিগারেটের ছ্যাঁকা দিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। এরপর তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
পরিচিত ব্যক্তির সহায়তায় উদ্ধার
মামলায় আরও উল্লেখ করা হয়েছে, ঘটনার পর ভয়ে শিউলি আক্তার নিশ্চুপ ছিলেন। পরদিন হাফিজুর রহমান ঘটনাস্থল ত্যাগ করার পর তিনি পরিচিত একজনকে ফোন করে বিষয়টি জানান। পরে ওই ব্যক্তি কয়েকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসেন।
মামলা সূত্রে জানা যায়, এরপর আইনের আশ্রয় নিতে শিউলি আক্তার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে গেলে তাকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়। পরে তিনি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ মামলাটি দায়ের করেন।
অভিযোগের বিষয়ে মো. হাফিজুর রহমানের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
আরও পড়ুন:







