সোমবার

২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৩ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
বাংলাদেশের উন্নয়নে চীনের সমর্থন অব্যাহত থাকবে: চীনের রাষ্ট্রদূত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও তিন জনের মৃত্যু; আক্রান্ত এক হাজার ৩১০ হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযান সাত লাখ ২৯ হাজার টাকার ভারতীয় গরু-মদ জব্দ সারিয়াকান্দিতে এলজিইডির এলসিএস প্রকল্পে ‘নাম বদলের খেলা’, লুটেপুটে খাচ্ছে সিন্ডিকেট স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ ইসলাম হবিগঞ্জে স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ভারতে মসজিদ ভাঙতে গিয়ে বিপত্তি, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৫২

আপডেট: ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৫৪

শেয়ার

স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ ইসলাম
ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী। দ্রুত দেশে আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনতে হলে স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে তা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে জনগণের পাশে দাঁড়ানো তাদের দায়িত্ব। সারাদেশের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, যেখানে দখলদারিত্ব ও চাঁদাবাজি হচ্ছে, সেখানে জনগণকে সঙ্গে নিয়ে এসব প্রতিহত করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন নিয়ে সমালোচনা

নাহিদ ইসলাম বলেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সময়ে অসংলগ্ন কথা বলেছেন এবং দায়িত্ব পালনে ইতিমধ্যে ব্যর্থ হয়েছেন। সংস্কার ইস্যুতেও তিনি জাতির সঙ্গে প্রতারণামূলক কথা বলেছেন বলে অভিযোগ করেন এনসিপি আহ্বায়ক।

তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলার পরিবেশ ঠিক নেই—এটি এখন জনগণের সামনে স্পষ্ট। এ পরিস্থিতির জন্য বর্তমান সরকার, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী।

নাহিদ ইসলাম আরও বলেন, সরকার বলেছিল নির্বাচিত সরকার এলে দেশে মব থেমে যাবে এবং আইনশৃঙ্খলার পরিবেশ ঠিক থাকবে। কিন্তু বিএনপি সরকার নির্বাচিত হয়ে আসার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হয়েছে বলে তিনি দাবি করেন। একই সঙ্গে তারা নিজেদের দলীয় নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারছে না বলেও মন্তব্য করেন।

মিরপুর ও সালমান মুক্তাদিরের স্টুডিওর ঘটনা

সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম মিরপুরের রাড্ডা সেন্টার এবং কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা তুলে ধরেন।

তিনি বলেন, মিরপুরে রাতের আঁধারে প্রায় তিন ঘণ্টা ধরে রাড্ডা সেন্টারে ভাঙচুর করা হয়েছে। রাজধানীতে রাতের বেলা এত সময় ধরে ভাঙচুর চললেও প্রশাসন কিছু করতে পারেনি। নাহিদ ইসলামের অভিযোগ, সরকারি ইন্ধন, রাষ্ট্রীয় মদদ এবং দলীয় নেতাকর্মীদের প্রত্যক্ষ মদদে ঘটনাটি ঘটেছে।

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, সেখানে স্পষ্টভাবে ভাঙচুর ও একটি ফৌজদারি অপরাধ ঘটেছে। প্রশাসন তা বাধা দিতে বা বন্ধ করতে পারেনি। পরে কারা ঘটনা ঘটিয়েছে বা ভুক্তভোগীর দায় কী—এসব নিয়ে সরকার নানা ধরনের নাটক সাজাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

সারাদেশে নৈরাজ্যের অভিযোগ

নাহিদ ইসলাম বলেন, রাজধানীতে ঘটে যাওয়া দুটি ঘটনা গণমাধ্যমে আসায় সেগুলো সামনে এসেছে। তবে সারা দেশের পরিস্থিতিও একই রকম বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, হবিগঞ্জে সিএনজি বা অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে ব্যাপক মারামারি হয়েছে। সাভারে মাদরাসা দখলের চেষ্টার ঘটনাও শোনা গেছে। তার দাবি, সারা দেশে এক ধরনের নৈরাজ্য চলছে এবং দেশে কোনো আইনশৃঙ্খলা বাহিনী আছে কি না, তা মনে হচ্ছে না।

সবশেষে নাহিদ ইসলাম বলেন, এই পরিস্থিতির জন্য বর্তমান সরকার দায়ী। দ্রুত দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে তা সম্ভব নয়।