রবিবার

২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২ আশ্বিন, ১৪৩৩

শেখ হাসিনার জন্মদিন পালনে কেক-মোটরসাইকেল রেখে পালালেন নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৪৭

আপডেট: ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৪৭

শেয়ার

শেখ হাসিনার জন্মদিন পালনে কেক-মোটরসাইকেল রেখে পালালেন নেতাকর্মীরা
ছবি সংগৃহীত

শরীয়তপুরের জাজিরায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজনের সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সেখানে থাকা ব্যক্তিরা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে একটি কেক ও পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গরম বাজার এলাকার জোড়াব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কয়েকজন যুবক সেখানে জড়ো হন। একপর্যায়ে তারা কেক কাটার আয়োজন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিত ব্যক্তিরা দ্রুত সরে যান।

পরে ঘটনাস্থলে থাকা পাঁচটি মোটরসাইকেল ও একটি আস্ত কেক উদ্ধার করা হয়। মোটরসাইকেলগুলোর মালিক বা ব্যবহারকারীদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মোহাম্মদ মহিউদ্দিন মিরাজ বলেন, ‘কেক কাটার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সেখানে থাকা ব্যক্তিরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে একটি আস্ত কেক ও পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

এর আগে ২৩ সেপ্টেম্বর জাজিরার বড়কান্দি ইউনিয়নের চর খাগুটিয়া এলাকায় ঢাকা-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিলের অভিযোগ ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ওই মিছিলে বেশ কয়েকজনকে দেখা যায়। জেলা পুলিশের পক্ষ থেকে ভিডিও বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের পর আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছিল।

প্রসঙ্গত, শেখ হাসিনার জন্মদিন ২৮ সেপ্টেম্বর। জন্মদিনকে ঘিরে শনিবার ঢাকার ধানমন্ডিতেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের খবর পাওয়া গেছে। সেখানে কয়েকজনকে আটক করেছে পুলিশ।