বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার উদ্যোগে আগামী স্থানীয় সরকার নির্বাচনে জামায়াত মনোনীত সম্ভাব্য প্রার্থীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে যশোর জেলা কার্যালয়ের অডিটরিয়ামে আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল এমপি এসব কথা বলেন।
তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সব উন্নয়নমূলক কাজ নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে হয়ে থাকে। উপজেলা, ইউনিয়ন পরিষদ ও পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধিরা সৎ ও যোগ্য হলে দেশ ও জনগণ বেশি লাভবান হয়। কিন্তু দুর্নীতির কারণে জনগণ সরকারের প্রকৃত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
অধ্যাপক গোলাম রসুল আরও বলেন, অধিকাংশ জনপ্রতিনিধি দুর্নীতিগ্রস্ত হওয়ায় জনগণ সরকারের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আগামী স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতে ইসলামী সৎ ও যোগ্য প্রার্থী মনোনয়ন দেবে। জনগণের ভোটে নির্বাচিত হলে তারা দুর্নীতি করবে না; বরং সরকারের সব সুযোগ-সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মসলেহ উদ্দীন ফরিদ, মাগুরা জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাহবুবুর রহমান, যশোর জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দীকী, জেলা সহকারী সেক্রেটারি বেলাল হোসাইন, গোলাম কুদ্দুস, মাওলানা রেজাউল করিম, অধ্যাপক মনিরুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক শাহাবুদ্দীন বিশ্বাস, অধ্যাপক জয়নাল আবেদীন, অধ্যাপক আবুল হাশিম রেজা, নুর-ই-আলী নুর মামুন, মাওলানা আব্দুস সামাদ ও মহেশপুর উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল হাই।
অনুষ্ঠানে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে যশোর জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের সম্ভাব্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:







