জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) দাবি করেছে, রাজধানীর গুলিস্তানে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিনিধি সভা আয়োজনের জন্য মাইক ব্যবহার ও নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে আবেদন করা হয়েছিল। আবেদনের অনুলিপিতে রিসিভড সিল ও স্বাক্ষর রয়েছে বলে জানিয়েছে দলটি। তবে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা এ বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) জাসদের কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়েছেন—এমন অভিযোগে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন এবং পল্টন থানা যুবদলের নেতাকর্মীরা কার্যালয়টি ঘিরে রাখেন। পরে সেখানে ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি হারুন অর রশীদসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত হন।
বিকেল ৪টার দিকে জাসদ কার্যালয় থেকে একে একে অনেককে হাতকড়া পরিয়ে বের করে নিয়ে যেতে দেখা যায়।
পুলিশের দাবি, অর্ধশতাধিককে হেফাজতে নেওয়া হয়েছে
পুলিশের ভাষ্য অনুযায়ী, জাসদের কার্যালয়ে জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছিল। এ ছাড়া সেখানে বহিরাগত অনেকেই অবস্থান করছিলেন। ইতোমধ্যে অর্ধশতাধিক ব্যক্তিকে হেফাজতে নিয়ে পল্টন থানায় নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, হেফাজতে নেওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে। অভিযান চলমান রয়েছে। তথ্য বিশ্লেষণ ও জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
২৩ ও ২৪ সেপ্টেম্বর আবেদন করার দাবি জাসদের
জাসদ দাবি করেছে, প্রতিনিধি সভায় মাইক ব্যবহার এবং সভার নিরাপত্তার জন্য ঢাকা মহানগর পুলিশের কমিশনার ও ডিএমপির মতিঝিল বিভাগের ডিসির কাছে ২৩ ও ২৪ সেপ্টেম্বর আবেদন করা হয়েছিল। দলটির দাবি, আবেদন দুটি গ্রহণও করা হয়।
এরপরও শনিবার তাদের কার্যালয়ে হামলা ও অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছে জাসদ।
পুলিশ কর্মকর্তাদের দাবি, আবেদনের বিষয়ে তারা অবগত নন
এ বিষয়ে পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলা হলে তারা আবেদনের বিষয়টি জানেন না বলে জানান। তবে ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি মোহাম্মদ হারুন অর রশীদকে ফোনে পাওয়া যায়নি।
পল্টন থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, এমন আবেদনের বিষয়ে তিনি জানেন না। সূত্র: বাংলা ট্রিবিউন
আরও পড়ুন:







