মধ্যরাতে রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, ‘ক্ষমতার গরমের আঁচ পড়লো স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপর।
মুখোশধারী দুই শতাধিক ব্যক্তির হামলার অভিযোগ
পোস্টে তিনি বলেন, মধ্যরাতে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সেখানে লুটপাটের পর কেন্দ্রটি গুঁড়িয়ে দেয়।
ডা. শফিকুর রহমান বলেন, এবার ক্ষমতার গরমের আঁচ পড়লো স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপর।’ রাতের আঁধারে স্বাস্থ্যসেবা কেন্দ্রটি গুঁড়িয়ে দিয়ে সেখানে রহস্যজনক একটি সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে প্রশ্ন
জামায়াত আমির বলেন, কোথায় প্রশাসন, কোথায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? এর পেছনে কারা রয়েছে, তা আর মোটেই অস্পষ্ট নয় বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, তাদের পেটের ক্ষুধা কোনোভাবেই নিবারণ হচ্ছে না। তারাই জনগণের স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগটি নিশ্চিহ্ন করে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
দুষ্কৃতিকারীদের শাস্তির দাবি
ডা. শফিকুর রহমান বলেন, সরকার একদিকে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার করছে। অন্যদিকে চলছে এই খেলা। তিনি প্রশ্ন করেন, ‘আর কত দিন এ ধরনের খেলা চলবে?
দুষ্কৃতিকারীদের অবশ্যই খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, তা না হলে একসময় জনগণের হাতেই তাদের শাস্তি পেতে হবে।
আরও পড়ুন:







