শুক্রবার

২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১০ আশ্বিন, ১৪৩৩

গণভোটের রায় বাস্তবায়ন না হলে সর্বাত্মক আন্দোলনের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১৯

শেয়ার

গণভোটের রায় বাস্তবায়ন না হলে সর্বাত্মক আন্দোলনের হুঁশিয়ারি
ছবি সংগৃহীত

গণভোটের গণরায় বাস্তবায়ন না করা হলে আগামী ১ নভেম্বর থেকে দেশের প্রতিটি জেলায় সমন্বয়ক ঘোষণা করে সর্বাত্মক আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মঞ্চ ২৪-এর কেন্দ্রীয় আহ্বায়ক ফাহিম ফারুকী।

২৫ সেপ্টেম্বর নিজের ফেসবুক পোস্টে ফাহিম ফারুকী বলেন, আওয়ামী লীগ রাজনৈতিক স্পেস পাবে—এমন কোনো কাজ তারা করতে পারেন না। তবে সরকার গণভোটের গণরায় উপেক্ষা করে তা বাস্তবায়ন না করলে আগামী ১ নভেম্বর থেকে দেশের প্রতিটি জেলায় সমন্বয়ক ঘোষণা করে সর্বাত্মক আন্দোলনের দিকে যেতে জুলাই জনতা বাধ্য হবে।

বিভাগীয় শহরে জনমত তৈরির কাজ

ফাহিম ফারুকী জানান, মঞ্চ ২৪ ইতোমধ্যে বিভাগীয় শহরগুলোতে তাদের পরিকল্পনা বাস্তবায়নে জনমত তৈরির কাজ শুরু করেছে।

তিনি বলেন, দেশের কল্যাণের কথা বিবেচনা করে সরকার যদি গণভোটের গণরায় বাস্তবায়নের পথে না হাঁটে, তাহলে ডিসেম্বরেই বাংলাদেশের জনগণ জাতীয় সরকার গঠনের উদ্যোগ নেবে।

এতে বিএনপির জন্য যে পরিণতি অপেক্ষা করবে, তা বাংলাদেশের জন্যও অতুলনীয় ক্ষতি বয়ে আনতে পারে বলে মন্তব্য করেন তিনি।

সরকারপ্রধানের প্রতি আহ্বান

সরকারপ্রধানের প্রতি অনুরোধ জানিয়ে ফাহিম ফারুকী বলেন, জনগণের দেওয়া গণভোটের রায় বাস্তবায়নের পথে সরকারের হাঁটা উচিত।

তিনি আরও বলেন, সরকার তা না করলে ১ ডিসেম্বর থেকে দেশ পরিচালনার দায়িত্ব জনগণ নিজেদের হাতে তুলে নেবে। সরকার কথা না শুনলে ডিসেম্বরের মধ্যে জাতীয় সরকার গঠনের কোনো বিকল্প থাকবে না।

এ সময় সবাইকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার অনুরোধ করেন ফাহিম ফারুকী।