বৃহস্পতিবার

২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৯ আশ্বিন, ১৪৩৩

জাতিসংঘ সফরে মূল্যায়ন না করায় বিএনপির ওপর গণঅধিকারের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৪৮

শেয়ার

জাতিসংঘ সফরে মূল্যায়ন না করায় বিএনপির ওপর গণঅধিকারের ক্ষোভ
ছবি সংগৃহীত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরে কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে নেওয়া হলেও গণঅধিকার পরিষদকে যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন দলটির নেতা ফারুক হাসান।

তিনি বলেন, রাজনৈতিক মাঠে আলোচনা রয়েছে, গণঅধিকার পরিষদ বিএনপির সঙ্গে সবচেয়ে বড় জোটসঙ্গী কিংবা বিএনপির পর সবচেয়ে বড় রাজনৈতিক দল। তবে রাজনৈতিক বাস্তবতায় সরকার গণঅধিকার পরিষদকে কতটুকু মূল্যায়ন করছে, তা জনগণ ও রাজনীতির মাঠে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

সংকট মোকাবিলায় সবাইকে সঙ্গে রাখার আহ্বান

ফারুক হাসান বলেন, দেশ একটি ভঙ্গুর পরিস্থিতির মধ্য দিয়ে এ পর্যন্ত এসেছে। বর্তমানে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার ক্ষমতায় রয়েছে। আগামীতে কোনো বিপদ-আপদ বা সংকট তৈরি হলে বিএনপি একা চাইলে তা মোকাবিলা করতে পারবে না। সংকট সবসময় সবাইকে মিলেই মোকাবিলা করতে হয়।

তিনি বলেন, সরকার ও বিএনপির উচিত, তাদের সঙ্গে থাকা প্রত্যেক রাজনৈতিক দলকে তাদের শক্তিমত্তা ও রাজনৈতিক আকার অনুযায়ী মূল্যায়ন করা এবং ন্যায্যতার ভিত্তিতে তাদের প্রাপ্য সম্মান দেওয়া। তা না হলে রাজনীতির মাঠে এক ধরনের ক্ষোভ তৈরি হয়, যা একসময় বিস্ফোরণ আকারে দেখা দিতে পারে।

সরকারের সঙ্গে থাকার কারণ তুলে ধরলেন ফারুক

ফারুক হাসান বলেন, গণঅধিকার পরিষদ সরকারের সঙ্গে রয়েছে, কারণ ভঙ্গুর পরিস্থিতির মধ্যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হলে একটি স্থিতিশীল সরকার দরকার। সেই লক্ষ্যেই তারা সরকারের সঙ্গে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, যেকোনো সংকট দেখা দিলেই গণঅধিকার পরিষদ সবার আগে বিষয়গুলো নিয়ে প্রতিবাদ করে। সামাজিক যোগাযোগমাধ্যম, গণমাধ্যম ও রাজনীতির মাঠ—প্রত্যেক জায়গায় তারা এসব বিষয়ে প্রতিবাদ জানায়।

সরকারি প্রতিষ্ঠানে অংশীদারিত্ব না থাকায় ক্ষোভ

ফারুক হাসান বলেন, রাজনীতির মাঠে এসব বিষয় নিয়ে আলোচনা চলছে। ইতিমধ্যে সরকার ৫০টিরও অধিক জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দিয়েছে। প্রায় ১৫টি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চেয়ারম্যান ও এমডি নিয়োগ দেওয়া হয়েছে। সিটি করপোরেশনগুলোতেও প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। অথচ এসব প্রতিষ্ঠানে গণঅধিকার পরিষদের কোনো অংশীদারিত্ব নেই।

এ বিষয়গুলো তাদের ভাবায় এবং দলটির নেতাকর্মীদের হৃদয় ও মনে আঘাত করে বলেও জানান তিনি।

সরকারকে এসব বিষয় ভাবার আহ্বান জানিয়ে ফারুক হাসান বলেন, সরকার যদি মনে করে সবকিছু তাদেরই থাকবে এবং তারাই সবকিছু করবে, তাহলে সংকটের সময় তাদের জোটসঙ্গী ও দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের সাথীদের পাশে পাওয়া নাও যেতে পারে।