ক্ষমতাসীন দল ও তাদের অঙ্গসংগঠন নিজেই যদি আইনশৃঙ্খলা লঙ্ঘন করে, তবে দেশে স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখা কোনোভাবেই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সরকারে যারাই আসে তারাই দাবি করে যে দেশের আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো; কিন্তু বাস্তবতা হলো সেই ‘আগের’ সংজ্ঞাও স্পষ্ট নয় আর ‘ভালো’র চিত্রও কোথাও খুঁজে পাওয়া যায় না।
বৃহস্পতিবার বিকালে সিলেট সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর ক্ষোভ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘আইনশৃঙ্খলা আগের চাইতে ভালো—এটা সরকারের সার্বক্ষণিক দাবি। কিন্তু বাস্তবে ঘরে-বাইরে, পথে-ঘাটে কোথাও কি নিরাপত্তা আছে? এই তো কিছুদিন আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকার ছেলেকে হত্যা করা হলো। এখন নিজেদের ব্যর্থতা ও দায় এড়াতে ওই ছেলেটিকেই উল্টো ‘দুষ্ট’ বানানোর চেষ্টা চলছে। যদি সে দুষ্টও হয়ে থাকে, তবে তাকে কি এভাবে মেরে ফেলতে হবে? তাকে সংশোধন করার কি কোনো কার্যকর উদ্যোগ নেয়া হয়েছিল? এভাবে দায়িত্ব এড়িয়ে উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানো কোনো শুভ লক্ষণ নয়।’
ক্ষমতাসীন দলের নেতাদের অভ্যন্তরীণ অভিযোগের কথা স্মরণ করিয়ে দিয়ে বিরোধীদলীয় নেতা আরও বলেন, ‘সরকারদলীয় শীর্ষ নেতারা নিজেরাই সংসদ ও বিভিন্ন বক্তব্যে স্বীকার করছেন যে অস্ত্র ও মাদকের ব্যবসা হাতবদল হয়েছে এবং তাদের দলের প্রভাবশালীরাই এখন সেসবের দায়িত্ব নিয়েছে। তাদের সিনিয়র নেতারাই বলছেন, বড় বড় মাদকের চালান কোন এলাকা দিয়ে আসছে। এসব কথা কিন্তু আমাদের নয়, তাদের নিজেদেরই বক্তব্য।’
এ সময় তিনি সরকারকে রাজনৈতিক প্রতিহিংসামূলক বক্তব্য পরিহার করে দেশে প্রকৃত আইনের শাসন, শৃঙ্খলা ও জননিরাপত্তা প্রতিষ্ঠায় কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
মতবিনিময় সভায় সিলেট জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:







