বুধবার

২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৮ আশ্বিন, ১৪৩৩

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

শরিফুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৫০

শেয়ার

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
ছবি সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে। এরই মধ্যে বিএনপি ও ১১ দলীয় ঐক্য সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. নূর-এ-শাহাদাত স্বজন।

সোমবার (২১ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্য সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম তাদের হাতে মনোনয়নপত্র তুলে দেন।

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা দুই পক্ষের

বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহকারী মো. নূর-এ-শাহাদাত স্বজন বলেন, নির্বাচনকে সামনে রেখে বিএনপি গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পরিবেশে জনগণের কাছে যেতে চায়। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে মির্জা ফয়সল আমিন নির্বাচনে অংশ নিচ্ছেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাবেন বলে আশা করেন তারা।

জামায়াত প্রার্থী মো. দেলাওয়ার হোসেনের প্রতিনিধি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ বলেন, তারা নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম চান। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যেন নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটিই তাদের প্রত্যাশা।

২৭ সেপ্টেম্বর মনোনয়ন জমার শেষ সময়

জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দুইজন প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ২৭ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত।

আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আসনটি ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী উপজেলা নিয়ে গঠিত।