রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আদর্শ অনুসরণের মধ্যেই সমগ্র মানবজাতির কল্যাণ নিহিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আয়োজিত পবিত্র সীরাতুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, শুধু রবিউল আউয়াল মাসে রাসুলুল্লাহ (সা.)-এর আলোচনা সীমাবদ্ধ রাখলে হবে না। সারাবছর তার আদর্শ নিয়ে আলোচনা করতে হবে। রাসুল (সা.) এর আগমনের উদ্দেশ্য অনুধাবন করতে হবে। জীবনের প্রতিটি স্তরে তাকে আদর্শ হিসেবে গ্রহণ করতে পারলেই দুনিয়া ও আখিরাতে শান্তি লাভ করা সম্ভব।
তিনি বলেন, আল্লাহ তায়ালা পূর্ণাঙ্গ জীবনবিধানসহ রাসুল (সা.) কে দুনিয়ায় পাঠিয়েছেন। এ জীবনবিধান অনুসরণ করতে পারলে বিশ্বব্যবস্থায় কল্যাণ প্রতিষ্ঠিত হবে। রাসুল (সা.) এর আদর্শে বিশ্বাসীরা ক্ষমতা বা গদির জন্য রাজনীতি করে না ইসলামী জীবনবিধান রাষ্ট্রে প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনীতি করে।
জামায়াতের এ নেতা আরও বলেন, রাসুল (সা.) শুধু ইবাদত-বন্দেগির শিক্ষা দেননি, মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের জন্যও আদর্শ রেখে গেছেন। মদিনায় তিনি এমন একটি সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে ন্যায়বিচার, মানবিক মর্যাদা, পারস্পরিক দায়িত্ববোধ ও আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল।
আজকের পৃথিবীতে অশান্তি, বৈষম্য ও অবিচার দূর করতে হলে রাসুল (সা.)-এর আদর্শ থেকে শিক্ষা নিতে হবে যোগ করেন তিনি।
চট্টগ্রাম প্রসঙ্গে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, চট্টগ্রাম দিয়েই ইসলামের প্রবেশ ঘটেছিল। এই চট্টগ্রামেই ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হবে। আগামী বাংলাদেশ হবে রাসুল (সা.) এর আদর্শভিত্তিক বাংলাদেশ।
মাহফিলে প্রধান ওয়ায়েজের বক্তব্য দেন ইসলামী চিন্তাবিদ ও মদীনাতুল উলূম কামিল মাদরাসা, ঢাকার মুহাদ্দিস ড. মুফতি আবুল কালাম আজাদ বাশার।
আরও পড়ুন:







