আসন্ন স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচনে বিদেশে অবস্থানরত যোগ্য বাংলাদেশি নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত, প্রশাসনিক ও প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণ করে নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি।
মঙ্গলবার বেলা ১২টায় বাংলাদেশ নির্বাচন কমিশনের মাননীয় প্রধান নির্বাচন কমিশনারকে দেয়া স্মারকলিপিতে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল এ দাবি জানান।
লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে প্রতিনিধি দলের ছিলেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এডভোকেট জোহরা খাতুন জুঁই, এআরএম জাফরুল্লাহ চৌধুরী, মুখপাত্র মোঃ নাজমুল ইসলাম তালুকদার, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মোঃ হেলাল উদ্দিন চৌধুরী ও দফতর সম্পাদক মোঃ মিরাজ খান।
লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ ইরান প্রেস ব্রিফিংকালে বলেন, বাংলাদেশের বিপুলসংখ্যক নাগরিক বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত ও বসবাসরত। তাঁরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, বৈদেশিক মুদ্রা দেশে পাঠাচ্ছেন এবং নিজ নিজ এলাকার পরিবার, সম্পত্তি, ব্যবসা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত রয়েছেন। কিন্তু বিদেশে অবস্থানের কারণে তাঁরা স্থানীয় সরকার নির্বাচনে কার্যকরভাবে ভোট দিতে পারেন না।
তিনি বলেন, বিদেশে অবস্থানরত কোনো নাগরিকের নাগরিকত্ব ও নিজ এলাকার সঙ্গে তাঁর সম্পর্ক বিলুপ্ত হয় না। তাই আইন অনুযায়ী যোগ্য ও নিবন্ধিত প্রবাসী ভোটারদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। স্মারকলিপিতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনে বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটারদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা এবং নির্বাচন কমিশনের প্রযুক্তিনির্ভর ভোটিং উদ্যোগকে কাজে লাগিয়ে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রেও প্রবাসী ভোটারদের জন্য নিরাপদ ও স্বচ্ছ পোস্টাল ভোটিং ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
লেবার পার্টির দাবির মধ্যে রয়েছে, স্থানীয় সরকার নির্বাচনের সকল স্তরে যোগ্য প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা, IT-supported Postal Voting ব্যবস্থার অভিজ্ঞতা স্থানীয় সরকার নির্বাচনে প্রয়োগ করা, NID ও ভোটার তথ্যের মাধ্যমে প্রবাসী ভোটারের নিজস্ব নির্বাচনী এলাকা নির্ধারণ করা, অনলাইন নিবন্ধন ও পরিচয় যাচাইয়ের ব্যবস্থা করা, ব্যালট প্রেরণ, ফেরত গ্রহণ ও গণনায় স্বচ্ছ ও নিরীক্ষাযোগ্য ব্যবস্থা নিশ্চিত করা, দ্বৈত ভোট প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, প্রয়োজন হলে সংশ্লিষ্ট আইন ও বিধিমালা সংশোধন করা, বাংলাদেশি দূতাবাস ও কনস্যুলেটের মাধ্যমে প্রবাসীদের ভোটিং বিষয়ে তথ্য সহায়তা প্রদান, প্রবাসী ভোটাধিকার বাস্তবায়নে সময়সীমাভিত্তিক রোডম্যাপ প্রকাশ করা, প্রয়োজন হলে পাইলট প্রকল্পের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসী পোস্টাল ভোটিং চালু করা এবং প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা।
লেবার পার্টি অবিলম্বে নির্বাচন কমিশনকে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক উদ্যোগ গ্রহণের জোর দাবী জানান।
আরও পড়ুন:







