সোমবার

২১ সেপ্টেম্বর, ২০২৬ ৬ আশ্বিন, ১৪৩৩

সরকারের ভেতরের চক্র আ.লীগের সঙ্গে আঁতাত করছে: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৫২

শেয়ার

সরকারের ভেতরের চক্র আ.লীগের সঙ্গে আঁতাত করছে: গোলাম পরওয়ার
ছবি সংগৃহীত

সরকারের অভ্যন্তরে থাকা একটি চক্র আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে জ্বালানি তেলের বাড়ানো দাম প্রত্যাহার, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ এবং বিরোধী দলের পরামর্শের ভিত্তিতে জাতীয় সংকটের টেকসই সমাধানের দাবি জানিয়েছেন তিনি।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামী আয়োজিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার।

আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ

সমাবেশে মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, সরকারের প্রচ্ছন্ন ইঙ্গিত ছাড়া সারা দেশে একযোগে আওয়ামী লীগের ঝটিকা বিক্ষোভ, বাসে আগুন ও সহিংসতার ঘটনা ঘটানো সম্ভব নয়। প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের তালিকা থাকার পরও তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও দাবি করেন তিনি।

তার অভিযোগ, সরকারের ভেতরে থাকা একটি চক্র আওয়ামী লীগকে পেছনের দরজা দিয়ে পুনর্বাসনের ষড়যন্ত্র করছে।

এ ছাড়া রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিরীহ নেতাকর্মীদের বাড়ি থেকে তুলে এনে আওয়ামী লীগের ব্যানারে মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন জামায়াতের এই নেতা। তার ভাষ্য অনুযায়ী, অতীতে আওয়ামী লীগ জামায়াতের বিরুদ্ধে যে ধরনের মিথ্যা ট্যাগ ব্যবহার করত, বর্তমান প্রশাসনের একাংশও বিরোধী মত দমনে একই ধরনের পুরোনো ফ্যাসিবাদী পন্থা অনুসরণ করছে।

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সমালোচনা করে মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার দায়িত্ব নেওয়ার সাত মাসের মধ্যেই তিন দফায় তেলের দাম বাড়িয়েছে। রাষ্ট্রকে মুনাফাভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে পরিচালনার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, এটি একটি সেবামূলক প্রতিষ্ঠান। তাই ভর্তুকির অজুহাতে জনগণের কাছ থেকে অর্থ নিয়ে দুর্নীতিবাজ ও ঘনিষ্ঠদের সুবিধা দেওয়ার সুযোগ থাকা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।

গণশুনানি ও জাতীয় সংসদে আলোচনা ছাড়া একতরফাভাবে তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, এর ফলে পরিবহন, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও কৃষিখাতে বড় ধরনের সংকট তৈরি হয়েছে।

বর্ধিত জ্বালানি তেলের দাম দ্রুত প্রত্যাহার করা না হলে ঢাকামুখী লংমার্চসহ রাজপথে কঠোর গণআন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ এবং জাতীয় সংকটের টেকসই সমাধানে বিরোধী দলের পরামর্শ গ্রহণের দাবি জানান তিনি।