সোমবার

২১ সেপ্টেম্বর, ২০২৬ ৬ আশ্বিন, ১৪৩৩

মসজিদে চেয়ার-সোফা বসিয়ে এমপির সভা, চলছে আলোচনা-সমালোচনা

সবুজ এইচ সরকার সিরাজগঞ্জ

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:১৩

আপডেট: ২১ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:২২

শেয়ার

মসজিদে চেয়ার-সোফা বসিয়ে এমপির সভা, চলছে আলোচনা-সমালোচনা
ছবি সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় একটি মসজিদের ভেতরে চেয়ার ও সোফা বসিয়ে স্থানীয় সংসদ সদস্য মো. আয়নুল হকের কর্মসূচি আয়োজনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। তবে অনুষ্ঠানে উপস্থিত বিএনপির নেতারা দাবি করেছেন, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না; মসজিদ ও মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্যোগেই সভাটির আয়োজন করা হয়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের কোদলা কওমিয়া মাদ্রাসা জামে মসজিদে সভাটি অনুষ্ঠিত হয়।

মসজিদের ভেতরে কর্মসূচি আয়োজনের বিষয়ে বক্তব্য জানতে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য মো. আয়নুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

মাদ্রাসা-মসজিদের বকেয়া অর্থ পরিশোধে সহযোগিতার উদ্যোগ

রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম বলেন, আয়নুল হকের নিজ ইউনিয়ন চান্দাইকোনার কোদলা কওমিয়া মাদ্রাসা ও জামে মসজিদ কর্তৃপক্ষের প্রতিষ্ঠান পরিচালনায় বিপুল অর্থ বকেয়া রয়েছে। ওই অর্থ পরিশোধে এমপির সহযোগিতা নিতে তারা এমপিসহ বিএনপির নেতাদের প্রতিষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন।

শামসুল ইসলামের ভাষ্য অনুযায়ী, তারা মাদ্রাসায় গিয়ে দেখতে পান, মাদ্রাসা-মসজিদের অভ্যন্তরে অতিথিদের বসার জন্য সোফা ও চেয়ার রাখা হয়েছে।

তিনি বলেন, যেহেতু এটি রাজনৈতিক কর্মসূচি ছিল না, তাই তারা কোনো আপত্তি করেননি। কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় মসজিদে আয়োজিত মাদ্রাসা ও মসজিদের উন্নয়নবিষয়ক অনুষ্ঠানে তারা অংশ নেন। সেখানে মূলত মসজিদ-মাদ্রাসার উন্নয়ন এবং ধর্মীয় আলোচনা হয়েছে।