সোমবার

২১ সেপ্টেম্বর, ২০২৬ ৬ আশ্বিন, ১৪৩৩

চট্টগ্রামে এমইএস কলেজ থেকে ছাত্রলীগের ঝটিকা মিছিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০

শেয়ার

চট্টগ্রামে এমইএস কলেজ থেকে ছাত্রলীগের ঝটিকা মিছিল
ছবি সংগৃহীত

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট-বাদুরতলা এলাকায় ওমরগণি এমইএস কলেজ থেকে নিষিদ্ধ ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল বের হওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. মিজানুর রহমানসহ কয়েকজনের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশ করা হয়।

১ মিনিট ৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, আরকান সড়কের বাদুরতলা এলাকার একটি সড়ক থেকে ২০ থেকে ৩০ জন কিশোর ও যুবকের একটি দল ব্যানার নিয়ে মূল সড়কে উঠে আসে। মিছিলের সামনে চারজন নেতৃত্ব দিচ্ছিলেন। প্রায় এক মিনিট বিভিন্ন স্লোগান দেওয়ার পর দলটি দ্রুত সেখান থেকে চলে যায়। এরপর তারা কোন দিকে গেছে, তা জানা যায়নি।

ভিডিওতে অংশ নেওয়া ব্যক্তিদের অবৈধ ট্রাইব্যুনাল মানি না, মানব না, জয় বাংলা, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই এবং জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে শোনা যায়।

নেতৃত্বে থাকার তথ্য, কিশোর-যুবকদের আনার দাবি

খোঁজ নিয়ে ও সামাজিক যোগাযোগমাধ্যম সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম প্রমি ও ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগ নেতা ওয়াসিমের নির্দেশনায় মিছিলটি অনুষ্ঠিত হয়। মিজানুল ইসলাম আসপিন নামের এক ছাত্রলীগ নেতা এতে নেতৃত্ব দেন বলে জানা গেছে।

মিছিলে অংশ নেওয়া কিশোর ও যুবকদের আশপাশের বিভিন্ন এলাকা থেকে আনা হয়েছিল বলেও জানা গেছে।

এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, ভিডিওটি খুব সম্ভবত সকালের। বিষয়টি পুলিশের নজরে এসেছে। ভিডিও ছড়িয়ে পড়ার পর আশপাশের বিভিন্ন স্থানের ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।