শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলন করে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরসহ সাতজনের রায় দ্রুত কার্যকর এবং সাইবার সুরক্ষা আইন ২০২৬ বাতিলের দাবি জানিয়েছে মঞ্চ ২৪।
সংবাদ সম্মেলনে মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী বলেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ওবায়দুল কাদেরসহ সাতজনকে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ তাদের প্রত্যেককে দেশে ফিরিয়ে এনে ফাঁসির দড়িতে ঝুলিয়ে রায় কার্যকর করার দাবি জানান তিনি।
আইনের মারপ্যাঁচে আওয়ামী লীগকে কোনো সুযোগ দেওয়া হলে দেশে যেকোনো সময় গণবিস্ফোরণ ঘটতে পারে বলেও মন্তব্য করেন ফাহিম ফারুকী।
লকডাউন কর্মসূচির সমালোচনা
আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির সমালোচনা করে ফাহিম ফারুকী বলেন, যে দল নিষিদ্ধ হয়েছে এবং গণবিস্ফোরণের মুখে যাদের প্রধান দেশ থেকে পালিয়েছেন, সেই দল কীভাবে লকডাউনের মতো কর্মসূচি দেয়। তারা প্রকাশ্যে ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে, অথচ স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রশাসন নীরব বলেও অভিযোগ করেন তিনি।
এ ছাড়া আগামীকাল সকাল ৯টা থেকে শাহবাগে অবস্থান নেওয়ার জন্য মঞ্চ ২৪সহ জুলাই অভ্যুত্থানের সব সংগঠনের প্রতি আহ্বান জানান তিনি।
সাইবার সুরক্ষা আইন বাতিলের দাবি
সংবাদ সম্মেলনে ফাহিম ফারুকী সাইবার সুরক্ষা আইন ২০২৬-কে জনগণের কণ্ঠ রোধ করার সম্মিলিত আইন হিসেবে উল্লেখ করেন। তিনি অবিলম্বে আইনটি বাতিলের দাবি জানান।
আরও পড়ুন:







