শনিবার

১৯ সেপ্টেম্বর, ২০২৬ ৪ আশ্বিন, ১৪৩৩

আট দফা দাবি না মানলে এক দফার প্রস্তুতি: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:০৫

শেয়ার

আট দফা দাবি না মানলে এক দফার প্রস্তুতি: ডা. শফিকুর রহমান
ছবি: বাংলা এডিশন

আট দফা দাবি সরকার মেনে না নিলে এক দফার আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গায় ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল ইন্টারচেঞ্জ মোড় এলাকায় ঢাকা-রংপুর লংমার্চের পথসভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “আপনারা যে আন্দোলনে নেমেছেন, আমরা দাবি আদায় করেই ঘরে ফিরব ইনশাআল্লাহ। লংমার্চ নিয়ে আসার পথে মানুষ হাত নেড়ে এক আঙুল উঁচিয়ে এক দফার দাবি জানিয়েছে। আপনারা এক দফার প্রস্তুতি নেন।”

তিনি আরও বলেন, “আমরা এখন ঢাকা থেকে সিরাজগঞ্জ হয়ে রংপুর যাচ্ছি। যখন এক দফার ডাক আসবে, তখন আপনারা সিরাজগঞ্জ থেকে ঢাকায় আসবেন। সরকার যদি এর মধ্যে আমাদের আট দফার দাবি মেনে নেয়, তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি না মানে, তাহলে এক দফার দাবিতে ঢাকায় আসার প্রস্তুতি নেবেন।”

গণভোটের রায় বাস্তবায়নসহ আট দফা দাবি আদায়ে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য শনিবার ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে কর্মসূচি শুরু হয়ে বিভিন্ন স্থানে পথসভা করে লংমার্চের বহর রংপুরের দিকে এগিয়ে যায়।

হাটিকুমরুলের পথসভায় বক্তারা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। তারা দাবি করেন, নির্বাচনের আগে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ব্যর্থ হয়েছে। একই সঙ্গে গণভোটের রায় বাস্তবায়নসহ তাদের ঘোষিত দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, দাবি আদায়ে চলমান কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করা হচ্ছে। দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন আরও কঠোর কর্মসূচির দিকে যেতে পারে। জামায়াত আমিরও এর আগে বলেছেন, পরিস্থিতির প্রয়োজনে আট দফা যেকোনো সময় এক দফায় রূপ নিতে পারে।

পথসভায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ রফিকুল ইসলাম খান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মাওলানা মামুনুল হকসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

এদিকে, লংমার্চের কর্মসূচিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ বিভিন্ন দাবিও যুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র ও সংবাদ প্রতিবেদনে জানানো হয়েছে।

সবুজ এইচ সরকার, সিরাজগঞ্জ প্রতিনিধি।