বৃহস্পতিবার

১৭ সেপ্টেম্বর, ২০২৬ ২ আশ্বিন, ১৪৩৩

মক্কায় ড্রোন হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:৪২

শেয়ার

মক্কায় ড্রোন হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
ছবি সংগৃহীত

হুতি কিংবা যে-ই হামলাকারী হোক, এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মক্কাকে লক্ষ্য করে চালানো ড্রোন হামলার নিন্দা জানান।

পোস্টে তিনি বলেন, পবিত্র মক্কা নগরী আল্লাহ তা’আলার ঘর কা’বার কারণে সম্মানিত। এটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও পবিত্রতম স্থান। এখানে যেকোনো ধরনের হামলা হলে তার বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান।

ডা. শফিকুর রহমান বলেন, হামলাকারী হুতি হোক কিংবা যে কেউ হোক, এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

পবিত্র স্থানগুলোর নিরাপত্তায় বাংলাদেশের সংহতি

একই ঘটনায় বাংলাদেশ সরকারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র মক্কা আল-মুকাররমা এবং সৌদি আরবের অন্যান্য পবিত্র স্থানের মর্যাদার প্রতি বাংলাদেশ গভীর সম্মান পুনর্ব্যক্ত করছে। একই সঙ্গে পবিত্র স্থানগুলোর সুরক্ষায় সৌদি আরব ও দেশটির জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে বাংলাদেশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও সুরক্ষা সর্বাবস্থায় সম্পূর্ণভাবে বজায় রাখা ও নিশ্চিত করা আবশ্যক।

মক্কার দিকে ড্রোন ভূপাতিতের দাবি সৌদি আরবের

প্রসঙ্গত, পবিত্র নগরী মক্কার দিকে হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদি আরব।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ড্রোনটি সংরক্ষিত আকাশসীমায় প্রবেশের আগেই সৌদি আকাশ প্রতিরক্ষা বাহিনী সেটি ধ্বংস করে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সৌদি আরব মক্কা নগরীতে নিরাপত্তা সতর্কতা জারি করে। ২০১৭ সালে হুতিদের সর্বশেষ হামলার চেষ্টার পর এই প্রথম পবিত্র শহরটিতে এমন সতর্কতা জারি করা হয়। কয়েক মিনিটের মধ্যেই সতর্কবার্তাটি তুলে নেওয়া হয়। একই সময়ে সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহর জেদ্দা ও তায়েফেও একই ধরনের সতর্কতা জারি করা হয়।

তবে ইয়েমেনের সাবা বার্তা সংস্থাকে দেওয়া এক বিবৃতিতে হুতিদের এক সামরিক সূত্র বলেছে, মক্কা বা অন্য কোনো পবিত্র স্থানের জন্য তারা হুমকি—এমন দাবি সম্পূর্ণ মিথ্যা।