ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ কাটতে না কাটতেই রাজধানীতে স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন রাজনৈতিক হিসাব-নিকাশ শুরু হয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোটের সুনির্দিষ্ট সময়সূচি ঘোষণা নিয়ে উত্তেজনা থাকলেও সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা, পোস্টার-ব্যানার এবং দলীয় নেতাকর্মীদের মাঠপর্যায়ের প্রস্তুতিতে দুই সিটির রাজনীতি সরব হয়ে উঠেছে।
ক্ষমতাসীন বিএনপির জন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন স্থানীয় সরকার নির্বাচনের পাশাপাশি জাতীয় রাজনীতির ধারাবাহিকতায় গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। দলীয় ভোটের পাশাপাশি সাধারণ ভোটারদের কাছে গ্রহণযোগ্যতা, ব্যক্তিগত জনপ্রিয়তা, নিজস্ব ভোটব্যাংক, সাংগঠনিক দক্ষতা এবং নগর পরিচালনার অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে প্রার্থী বাছাই করতে চায় দলটি।
দলীয় সূত্র ও মাঠপর্যায়ের নেতাকর্মীদের মতে, দুই সিটিতেই একাধিক হেভিওয়েট নেতা সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। উত্তরে সাবেক প্রার্থী তাবিথ আউয়াল, বর্তমান প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন এবং বিএনপির কেন্দ্রীয় নেতা এম এ কাইয়ুমের নাম রয়েছে। দক্ষিণে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, বর্তমান প্রশাসক আব্দুস সালাম এবং বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।
উত্তরে আলোচনায় তাবিথ, মিল্টন ও কাইয়ুম
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন গত নির্বাচনের প্রার্থী তাবিথ আউয়াল। ২০২০ সালের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তিনি বিএনপির ধানের শীষের প্রার্থী ছিলেন। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলামের কাছে পরাজিত হলেও বিএনপির নেতাকর্মীদের মধ্যে তার প্রার্থিতা নিয়ে এখনও আগ্রহ রয়েছে।
তাবিথ আউয়ালের মতে, আগের নির্বাচনে অনিয়ম ও কারচুপির কারণে তিনি জয়ী হতে পারেননি। এবার দল তাকে মনোনয়ন দিলে আধুনিক ও বাসযোগ্য ঢাকা গড়ার পরিকল্পনা বাস্তবায়নে কাজ করতে চান তিনি।
উত্তরের প্রার্থী তালিকায় আলোচনায় রয়েছেন বর্তমান প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনও। যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিল্টন এর আগে ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিবের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে প্রশাসকের দায়িত্ব পালন করায় নগর ব্যবস্থাপনা ও সিটি কর্পোরেশনের কার্যক্রম সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছেন তিনি।
মিল্টন জানিয়েছেন, দল সুযোগ দিলে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত। তবে দল যাকেই প্রার্থী করবে, তার বিজয়ের জন্য কাজ করবেন বলেও জানিয়েছেন তিনি।
অন্যদিকে উত্তরের রাজনীতিতে দীর্ঘদিনের নেতা এম এ কাইয়ুমের নামও জোরালোভাবে আলোচনায় রয়েছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক কাইয়ুম ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সভাপতি। মহানগর উত্তরের রাজনীতিতে দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা এবং স্থানীয় নেতাকর্মীদের একটি বড় অংশের সমর্থন তার অন্যতম শক্তি বলে মনে করছেন অনুসারীরা।
কাইয়ুম প্রার্থিতার বিষয়ে দলীয় সিদ্ধান্তকেই চূড়ান্ত বলে জানিয়েছেন। তার ভাষায়, নির্বাচন করার ইচ্ছা থাকলেও দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
দক্ষিণে ইশরাক, সালাম ও সোহেলকে ঘিরে আলোচনা
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ইশরাক হোসেনের নাম রয়েছে। ২০২০ সালের সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ইশরাক হোসেন ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট পেয়েছিলেন। ওই নির্বাচনের পর দক্ষিণের বিভিন্ন এলাকায় ইশরাকের একটি নিজস্ব রাজনৈতিক পরিচিতি ও অনুসারী গোষ্ঠী তৈরি হয়েছে বলে দাবি বিএনপির স্থানীয় নেতাদের।
পুরান ঢাকার সঙ্গে তার পারিবারিক ও রাজনৈতিক সম্পর্কও রয়েছে। তার বাবা প্রয়াত সাদেক হোসেন খোকা ছিলেন অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র এবং বিএনপির প্রভাবশালী নেতা। পুরান ঢাকায় খোকা পরিবারের দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্য ইশরাকের জন্য বাড়তি সুবিধা তৈরি করতে পারে বলে মনে করছেন দলের নেতারা। তরুণ নেতৃত্বের চাহিদা এবং ঢাকার সন্তান পরিচয়ও তার পক্ষে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
ইশরাক হোসেন জানিয়েছেন, দল চাইলে সিটি নির্বাচনে অংশ নিতে তিনি প্রস্তুত। প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে নির্বাচনের মাঠে নামতেও প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। তার বক্তব্য, নগরকেন্দ্রিক রাজনীতির মধ্য দিয়েই তার রাজনৈতিক পথচলা শুরু এবং আগের সিটি নির্বাচনের মাধ্যমে দক্ষিণের বিভিন্ন এলাকায় তার শক্ত সামাজিক ভিত্তি তৈরি হয়েছে।
প্রশাসনিক অভিজ্ঞতা নিয়ে প্রস্তুত আব্দুস সালাম
দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসক আব্দুস সালামের নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে। নগর প্রশাসনে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এর আগে তিনি ঢাকা সিটি কর্পোরেশনের ডেপুটি মেয়রের দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি নির্বাচিত কাউন্সিলর ও ওয়ার্ড চেয়ারম্যান হিসেবেও কাজ করেছেন তিনি।
আব্দুস সালামের অনুসারীরা বিভিন্ন এলাকায় পোস্টার-ব্যানারের মাধ্যমে তার প্রার্থিতার জানান দিচ্ছেন। সালাম নিজেও নির্বাচনের প্রস্তুতির কথা জানিয়ে বলেছেন, জনগণ ভোট দিয়ে নির্বাচিত করলে পূর্ণ মেয়াদে আরও পরিকল্পিতভাবে নগরবাসীকে সেবা দিতে চান। তার মতে, দীর্ঘ রাজনৈতিক জীবনের পাশাপাশি নগর পরিচালনার বাস্তব অভিজ্ঞতাই তাকে অন্যদের থেকে এগিয়ে রাখে।
সাংগঠনিক শক্তিতে আলোচনায় হাবিব উন নবী খান সোহেল
দক্ষিণে তৃতীয় সম্ভাব্য প্রার্থী হিসেবে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের নামও রয়েছে। ছাত্র ও অঙ্গসংগঠনের রাজনীতি পেরিয়ে কেন্দ্রীয় পর্যায়ে দীর্ঘ রাজনৈতিক পথচলা তার অন্যতম শক্তি। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিবের দায়িত্ব পালন করেছেন তিনি।
সোহেলের অনুসারীরাও মাঠে সক্রিয়। বিভিন্ন এলাকায় তার ছবি ও শুভেচ্ছাবার্তা সংবলিত পোস্টার-ব্যানার দেখা যাচ্ছে। তবে নিজে প্রার্থিতার বিষয়ে এখনও দলীয় কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পাননি বলে জানিয়েছেন সোহেল। দল যেভাবে দায়িত্ব দেবে, সেভাবেই কাজ করবেন বলে জানিয়েছেন তিনি।
প্রার্থী বাছাইয়ে গ্রহণযোগ্যতা ও সক্ষমতায় গুরুত্ব
বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন, শুধু দলীয় পরিচয় বা সাংগঠনিক পদ নয়, প্রার্থী বাছাইয়ে সাধারণ ভোটারের কাছে গ্রহণযোগ্যতা এবং প্রতিযোগিতামূলক নির্বাচনে জয় পাওয়ার সক্ষমতাকে গুরুত্ব দেওয়া হবে।
দক্ষিণে পুরান ঢাকা, নতুন যুক্ত হওয়া ওয়ার্ড এবং মধ্য ঢাকার ভোটারদের রাজনৈতিক মনোভাব ও স্থানীয় অগ্রাধিকার এক নয়। ফলে প্রার্থীর ব্যক্তিগত গ্রহণযোগ্যতা সেখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। একইভাবে উত্তরে গাবতলী, মিরপুর, বাড্ডা, ভাটারা, উত্তরা ও আব্দুল্লাহপুরের মতো বৈচিত্র্যময় এলাকার ভোটারদের কাছে গ্রহণযোগ্যতা নিশ্চিত করাও বিএনপির প্রার্থীর জন্য চ্যালেঞ্জ হবে।
দুই সিটিতে এখনো আনুষ্ঠানিক মনোনয়ন চূড়ান্ত নয়
দলীয় সূত্র বলছে, দুই সিটির কোনো প্রার্থীকেই এখনও আনুষ্ঠানিকভাবে সবুজ সংকেত দেওয়া হয়নি। বিএনপির নীতিনির্ধারকরা নির্বাচন কমিশনের সময়সূচি এবং মাঠের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জানিয়েছেন, সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন নিয়ে দলীয় হাইকমান্ডে আনুষ্ঠানিক আলোচনা এখনও শেষ হয়নি। দলের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।
অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, আগে নির্বাচনের সময়সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে হবে। এরপর নীতিনির্ধারণী পর্যায়ে প্রার্থী নিয়ে আলোচনা হবে। প্রার্থী নির্ধারণ দলের গোপনীয় ও কৌশলগত বিষয় বলেও উল্লেখ করেছেন তিনি।
তৃণমূলে প্রস্তুতি, নজরদারিতে কাউন্সিলর প্রার্থীরাও
মেয়র প্রার্থী চূড়ান্ত না হলেও মাঠপর্যায়ে সাংগঠনিক প্রস্তুতি শুরু করেছে বিএনপি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি থানা ও ওয়ার্ড পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম জোরদারে আটটি বিশেষ টিম গঠন করেছে। এসব টিম মাঠপর্যায়ে সংগঠনের অবস্থা, নেতাকর্মীদের তৎপরতা এবং স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
একই সঙ্গে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের ব্যক্তিগত আমলনামা, জনপ্রিয়তা ও সাংগঠনিক ভূমিকা নিয়েও তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন মহানগর দক্ষিণের নেতারা।
জাতীয় নির্বাচনের পর ঢাকার দুই সিটি নির্বাচনকে সামনে রেখে বিএনপির রাজনীতিতে এখন প্রার্থী বাছাই নিয়েই আলোচনা চলছে। শেষ পর্যন্ত কোন সমীকরণে দলীয় হাইকমান্ড আস্থা রাখে, তার ওপরই নির্ভর করছে দুই সিটিতে বিএনপির মেয়র প্রার্থী হিসেবে কারা মনোনয়ন পান।
আরও পড়ুন:







