মঙ্গলবার

১৫ সেপ্টেম্বর, ২০২৬ ৩০ ভাদ্র, ১৪৩৩

বিভাগ নিয়ে আঞ্চলিক বিদ্বেষে না জড়ানোর আহ্বান হাসনাতের

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ২২:১৬

শেয়ার

বিভাগ নিয়ে আঞ্চলিক বিদ্বেষে না জড়ানোর আহ্বান হাসনাতের
ছবি সংগৃহীত

কুমিল্লা বিভাগ নিয়ে আঞ্চলিক বিদ্বেষে না জড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের এমপি হাসনাত আবদুল্লাহ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

কুমিল্লা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা, সামাজিক কর্মসূচি, জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ জেলার সার্বিক বিষয় নিয়ে এ সভার আয়োজন করা হয়।

হাসনাত আবদুল্লাহ বলেন, বিভাগ নিয়ে যেন আঞ্চলিক বিদ্বেষে না জড়ানো হয়। বিষয়টি সবাইকে মাথায় রাখতে হবে। কুমিল্লা বিভাগ হয়ে গেছে।

তিনি আরও বলেন, নোয়াখালীর সঙ্গে কুমিল্লার দীর্ঘদিনের সাংস্কৃতিক ও ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। বিভাগকে কেন্দ্র করে যেন কোনো আঞ্চলিক হিংসা-বিদ্বেষে না জড়ানো হয়।

সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা

কুমিল্লা জেলা প্রশাসক রোজি আক্তারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও কুমিল্লা-১ আসনের এমপি এবিএম আশরাফ উদ্দিন নিজান। এ ছাড়া গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং কুমিল্লা-৮ আসনের এমপি জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা-১১ আসনের এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৪ আসনের এমপি হাসনাত আবদুল্লাহ, কুমিল্লা-৭ আসনের এমপি আতিকুল আলম শাওন, কুমিল্লা-২ আসনের এমপি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া ও কুমিল্লা-৫ আসনের এমপি জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

এ ছাড়া কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম, জেলা পরিষদ প্রশাসক হাজী মোস্তাক মিয়াসহ জেলার ১৭টি উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।