সোমবার

১৪ সেপ্টেম্বর, ২০২৬ ৩০ ভাদ্র, ১৪৩৩

সকালে যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিল, রাতে গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:৫৫

শেয়ার

সকালে যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিল, রাতে গ্রেপ্তার ৩
ছবি সংগৃহীত

সিরাজগঞ্জে যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিলে অংশগ্রহণ ও নেতৃত্ব দেওয়ার অভিযোগে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের উপদপ্তর সম্পাদক মো. হেদায়েতুল ইসলাম (৩২), শহর ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. সাজ্জাদ হোসেন শুভ (১৮) এবং শহর ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সোহান শেখ সুজন (২৫)।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, রবিবার ভোরে শহরের বাসস্ট্যান্ড এলাকায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলে সোহান শেখ ওরফে সুজন নেতৃত্ব দেন বলে অভিযোগ রয়েছে।

পরে রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মিছিলে অংশ নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

ওসি রাকিবুল হাসান আরও জানান, নিষিদ্ধ ঘোষিত দলের ব্যানারে মিছিল বের করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।