প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করার সাহস পাচ্ছে জামায়াতে ইসলামীর কারণে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে সরকারের তিন মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেওয়ার পর সচেতনতামূলক র্যালিতে অংশ নেন তিনি। র্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদ খাঁন এ কথা বলেন।
তিনি বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগের সঙ্গে মিলে জামায়াতে ইসলামী বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল। এবারও আওয়ামী লীগ জামায়াতের কারণে আন্দোলন করার সাহস পাচ্ছে।
রাশেদ খাঁন আরও বলেন, গুলশানে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের পেছনে জামায়াতে ইসলামীর সম্পৃক্ততা থাকতে পারে। জামায়াতের কারণেই তারা আন্দোলন করার সাহস পাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াত নেতারা বলছেন, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরলে তাদের আপত্তি নেই উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, দেশের জনগণ আওয়ামী লীগের রাজনীতি আর মেনে নেবে না।
এর আগে জেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালিতে অংশ নেন তিনি। এ সময় জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু ও আনোয়ারুল ইসলাম বাদশা, যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:







