সার, বিদ্যুৎ, জ্বালানি তেল ও গ্যাস নিয়ে চলমান সংকট সমাধানে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে রাজনৈতিক সংগঠন ‘মঞ্চ ২৪’। একই সঙ্গে সরকারি চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর সিদ্ধান্ত বাতিল এবং আওয়ামী লীগ পুনর্বাসন ঠেকানোসহ বিভিন্ন দাবি জানিয়েছে সংগঠনটি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী।
ফাহিম ফারুকী বলেন, আওয়ামী লীগ সরকারের সময়েও দেশে তেল, বিদ্যুৎ ও গ্যাসের সংকট ছিল। তবে বর্তমান সরকারের আমলে জনগণের ভোগান্তি আরও বেড়েছে। দেশের জনগণ বর্তমান সরকারকে দায়িত্ব দেওয়ার পর দীর্ঘ সময় পার হলেও বিদ্যুৎ, তেল ও গ্যাসসহ জনজীবনের গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর স্থায়ী সমাধান হয়নি।
তিনি প্রধানমন্ত্রীকে রাসায়নিক সার, তেল, বিদ্যুৎ ও গ্যাসের মতো জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোর সমাধানের আহ্বান জানান। এসব সমস্যার সমাধান না হলে তা নিয়ে গণবিস্ফোরণ ঘটতে পারে বলেও সতর্ক করেন তিনি।
মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধি বাতিলের দাবি
সরকারি চাকরির নিয়োগে লিখিত পরীক্ষার গুরুত্ব কমিয়ে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর প্রস্তাবের সমালোচনা করেন ফাহিম ফারুকী। তাঁর দাবি, এতে অনিয়মের সুযোগ তৈরি হতে পারে।
তিনি বলেন, ২৪টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে সরকারকে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। এর মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
মঞ্চ ২৪-এর আহ্বায়ক জানান, মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধির প্রতিবাদে দল-মত নির্বিশেষে শিক্ষার্থীরা মাঠে নামবেন।
তিনি বিএনপি দীর্ঘ সময় ক্ষমতায় থাকলেও তা চান উল্লেখ করে বলেন, জনগণের বিরুদ্ধে গিয়ে পাঁচ মিনিটও ক্ষমতায় থাকা মেনে নেওয়া হবে না। একই সঙ্গে এমন কোনো সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানান, যেটিকে আওয়ামী লীগ সুযোগ হিসেবে কাজে লাগাতে পারে।
আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ
সরকার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে কী পদক্ষেপ নিয়েছে এবং জুলাই আন্দোলনে সংঘটিত সহিংসতার বিচার কতদূর এগিয়েছে—এ নিয়েও প্রশ্ন তোলেন ফাহিম ফারুকী।
আরও পড়ুন:







