শনিবার

১২ সেপ্টেম্বর, ২০২৬ ২৮ ভাদ্র, ১৪৩৩

আ.লীগের সঙ্গে আঁতাত করে দেশ অশান্ত করতেই জামায়াতের লং মার্চ: রাশেদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:০৬

শেয়ার

আ.লীগের সঙ্গে আঁতাত করে দেশ অশান্ত করতেই জামায়াতের লং মার্চ: রাশেদ
ছবি সংগৃহীত

আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে গোপনে আঁতাত করে দেশকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে জামায়াত এবং তাদের একের পর এক লং মার্চ কর্মসূচি সেই ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

তিনি বলেন, ভারতের একের পর এক অনুরোধ সত্ত্বেও প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাননি। পলাতক শেখ হাসিনা ও শহিদ ওসমান হাদীর খুনিদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী ভারত সফর করবেন না।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জুমার নামাজ শেষে ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎ-গ্যাস সংকট জাতীয় সমস্যা

রাশেদ খাঁন বলেন, বিদ্যুৎ ও গ্যাস সংকট দেশের জাতীয় সমস্যা। এই সংকট উচ্চারণে সরকারের পাশাপাশি বিরোধী দলের গঠনমূলক ভূমিকা প্রয়োজন। কিন্তু বিরোধী দল গ্যাস ও বিদ্যুৎ সংকটের অজুহাতে লং মার্চ করছে। লং মার্চ করে কী ধরনের সমস্যার সমাধান হবে, সেই প্রশ্নও তোলেন তিনি।

জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, এই জামায়াত স্বার্থের জন্য তার শত্রুদের সঙ্গে আঁতাত করতে পারে। ভারতের সঙ্গে আঁতাত করে ডিসেম্বরে আওয়ামী লীগকে ফেরানোর জন্য জামায়াত অপচেষ্টা চালাচ্ছে। আওয়ামী লীগের ভাষা ও জামায়াতের আমিরের ভাষা একই সূত্রে গাঁথা বলেও মন্তব্য করেন তিনি।

ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর অবস্থান

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দিল্লি সরকার বারবার অনুরোধ জানিয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন, পলাতক শেখ হাসিনা ও শহিদ ওসমান হাদীর খুনিদের ফেরত না দেওয়া পর্যন্ত তিনি ভারত সফর করবেন না।

তবে একই অনুরোধ ভারত জামায়াতের আমিরকে করলে এতদিনে জামায়াত আমির দিল্লিতে থাকতেন বলেও মন্তব্য করেন রাশেদ খাঁন।

লং মার্চ নিয়ে রাশেদ খাঁনের সমালোচনা

বিরোধী দলের লং মার্চের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, জ্বালানি সংকট থেকে উত্তরণের জন্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু জামায়াতসহ বিরোধী দল চট্টগ্রামে লং মার্চ করেছে। এখন তারা আবার রংপুরের উদ্দেশ্যে লং মার্চ করবে বলে ঘোষণা দিয়েছে।

জামায়াতের এই লং মার্চ ও আওয়ামী লীগের ডিসেম্বরে ফেরার ঘোষণা দেশকে অশান্ত করার একটি অপচেষ্টা বলেও মন্তব্য করেন তিনি। জনগণকে সতর্ক থাকার এবং জামায়াতের চরিত্র সম্পর্কে জানার আহ্বান জানান রাশেদ খাঁন।

স্বাস্থ্যসেবা ও মাদকবিরোধী সচেতনতা

এ সময় তিনি ঝিনাইদহসহ দেশের বিভিন্ন হাসপাতালের জনবল সংকট নিরসন ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন।

পরে তিনি স্থানীয় শিশু-কিশোরদের সঙ্গে মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন।

এ সময় জেলা বিএনপির সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, যুগ্ম সম্পাদক এম শাহজাহান আলী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সমীনুজ্জামান সমীন, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।