বৃহস্পতিবার

১০ সেপ্টেম্বর, ২০২৬ ২৬ ভাদ্র, ১৪৩৩

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম এবং সেলিম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৩৮

আপডেট: ১০ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:২২

শেয়ার

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম এবং সেলিম উদ্দিন
ছবি সংগৃহীত

প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজধানী ঢাকার দুই সিটি নির্বাচনে মেয়র প্রার্থীদের নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। দলীয় একাধিক মনোনয়ন-প্রত্যাশী না থাকায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে সবার আগেই প্রার্থী বাছাই করেছে দলটি। একই সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে জোটগতভাবে নির্বাচন করবে না বলেও জানিয়েছে জামায়াত।

ঢাকা উত্তরে দলটির মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মহানগর আমির সেলিম উদ্দিন। তিনি ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসন থেকে দলটির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন তিনি।

ঢাকা উত্তর সিটির মেয়র প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পাওয়ার পরপরই নির্বাচনি এলাকায় গণসংযোগ শুরু করেছেন সেলিম উদ্দিন। নিজের ছবি সংবলিত পোস্টারের মাধ্যমে ভোটারদের দোয়া কামনা করছেন এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও যোগ দিচ্ছেন।

অপরদিকে, ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে অনানুষ্ঠানিকভাবে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রী সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম। দলটির নেতারা মনে করেন, ডাকসু নির্বাচনে জনপ্রিয়তার ধারাবাহিকতায় এখানেও তিনি সাড়া ফেলতে সক্ষম হবেন।

এরই মধ্যে সাদিক কায়েমকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন তার সমর্থকরা। বিভিন্ন অনুষ্ঠানেও যোগ দিচ্ছেন তিনি।

কেন্দ্রের আনুষ্ঠানিক ঘোষণা পরে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, দুই সিটিতে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা না হলেও মূলত সেলিম উদ্দিন ও আবু সাদিক কায়েমই প্রার্থী। মহানগর থেকে তাদের বাছাই করা হয়েছে। তবে কেন্দ্রের পক্ষ থেকে চূড়ান্তভাবে তাদের নাম ঘোষণা করা হবে।

তিনি বলেন, দুই প্রার্থীই ব্যাপক জনপ্রিয় এবং দুজনই ছাত্র নেতৃত্বের ফসল। এ কারণে তরুণদের মধ্যে তাদের আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে।

এহসানুল মাহবুব জুবায়ের মনে করেন, সরকারের ব্যর্থতার কারণে জামায়াত মনোনীত প্রার্থীদের বেছে নেবেন ভোটাররা।



আরও পড়ুন: