বুধবার

৯ সেপ্টেম্বর, ২০২৬ ২৫ ভাদ্র, ১৪৩৩

ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরা বেশি নির্যাতনের শিকার: রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৫৮

শেয়ার

ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরা বেশি নির্যাতনের শিকার: রিজভী
ছবি সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদের আমলে নারী ও শিশুরা সবচেয়ে বেশি নির্যাতন, লাঞ্ছনা ও অপমানের শিকার হয়েছেন। তিনি বলেন, সেই নিপীড়নের বিরুদ্ধে জাতীয়তাবাদী মহিলা দল প্রতিবাদ করেছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রুহুল কবির রিজভী।

সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করায় নিপীড়ন

শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী বলেন, আওয়ামী লীগের আমলে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করা অনেক নারীও নিপীড়নের শিকার হয়েছেন। নারীদের ওপর যারা আক্রমণ করে, তারা কাপুরুষ বলেও মন্তব্য করেন তিনি।

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার অভিযোগ তুলে রিজভী বলেন, এটি একটি ঘৃণ্য অপরাধ।

জ্বালানি সংকট আন্তর্জাতিক বিষয়

জ্বালানি সংকট প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, এটি একটি আন্তর্জাতিক বিষয়। এককভাবে কোনো রাষ্ট্রের পক্ষে এ সংকট সমাধান করা সম্ভব নয়। গ্যাসের সংকট ধীরে ধীরে ঠিক হয়ে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বৈদেশিক কর্মসংস্থানে উদ্যোগের দাবি

বৈদেশিক কর্মসংস্থান প্রসঙ্গে রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এ ক্ষেত্রে যুগান্তকারী উদ্যোগ নিয়েছেন।