একটি মিডিয়া গ্রুপের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল বক্তব্য দেওয়ার পর ৪৮ ঘণ্টার মধ্যে নিজের বিরুদ্ধে ১০৯টি উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বর্তমান আইনের সীমাবদ্ধতার কারণে এসব সংবাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া যায়নি বলেও দাবি করেন তিনি।
বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্ন করতে গিয়ে এ অভিযোগ করেন হাসনাত আবদুল্লাহ। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়।
বর্তমান প্রেস কাউন্সিলের আইনি সীমাবদ্ধতার কথা তুলে ধরে হাসনাত আবদুল্লাহ বলেন, বিদ্যমান নিয়ম অনুযায়ী শুধু প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত অপতথ্য বা বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে অভিযোগ করার সুযোগ রয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে প্রিন্ট মিডিয়ার মালিকানাধীন অনলাইন পোর্টালে ব্যক্তি আক্রমণ করে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়ানো হলেও সেসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না।
বিরোধী দলকে লক্ষ্য করে নিয়মিত এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে তিনি জানতে চান, অনলাইন মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে কীভাবে প্রেস কাউন্সিলে প্রতিকার পাওয়া যাবে এবং এ সংক্রান্ত আইন সংশোধনের কোনো উদ্যোগ নেওয়া হবে কি না।
জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, শুধু বিরোধী দলের সদস্যদের নয়, ঢালাওভাবে দেশের সাধারণ মা-বোন, সরকারি দলের বিভিন্ন সদস্য, এমনকি প্রধানমন্ত্রী ও তার পরিবারকেও আক্রমণ করা হচ্ছে। এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, প্রেস কাউন্সিলকে পুনর্গঠন করা হচ্ছে। অনলাইন পোর্টালের বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে এবং এ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে।
আরও পড়ুন:







