বুধবার

২ সেপ্টেম্বর, ২০২৬ ১৮ ভাদ্র, ১৪৩৩

১৭ বছরে অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৩৬

শেয়ার

১৭ বছরে অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী
ছবি সংগৃহীত

আওয়ামী লীগ ১৭ বছরে দেশের অর্থনৈতিক অবস্থা এমন পর্যায়ে নিয়ে গেছে যে অর্থনীতির কোমর ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং ভোলা-১ সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে ভোলার নতুন বাজার দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেন, দেশে বর্তমানে গ্যাস ও বিদ্যুতের সমস্যা রয়েছে। আওয়ামী লীগ ১৭ বছরে দেশের অর্থনৈতিক অবস্থা এমন করে গেছে যে দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ইতিহাসের কঠিনতম সময়ে দায়িত্ব নিয়েছেন। সেখান থেকে বাংলাদেশকে উঠে আসতে হচ্ছে।

ভোলা-বরিশাল সেতু নিয়ে সরকারের বিবেচনা

ভোলা-বরিশাল সেতুর প্রসঙ্গ তুলে তথ্যমন্ত্রী বলেন, এই সেতুর জন্য ভোলার প্রত্যেক মানুষ আন্দোলন করেছে এবং এ বিষয়ে সবাই কাজ করেছে। সরকার বিষয়টি দেখছে এবং নিজস্ব অবস্থান থেকে তা বিবেচনা করছে।

তিনি বলেন, হিজলা-মুলাদি-শরীয়তপুর হয়ে ঢাকায় গেলে ৪০ মিনিট সময় কম লাগে। বিষয়টিও সরকার বিবেচনা করছে।

ভোলার উন্নয়নে বিভিন্ন বরাদ্দের কথা তুলে ধরেন মন্ত্রী

ভোলায় মেডিকেল কলেজের জন্য ১ হাজার ২০০ কোটি টাকা, নদীভাঙন প্রতিরোধে ৭০০ কোটি টাকা এবং সদর উপজেলার অভ্যন্তরীণ রাস্তা মেরামতের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

ভোলার উন্নয়নের বিষয়ে দলমত নির্বিশেষে সবাইকে এক থাকার আহ্বান জানান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।

তিনি বলেন, তার দলে কোনো চোর, সন্ত্রাসী, টেন্ডারবাজ ও চাঁদাবাজ নেই। তার দলের নাম ভাঙিয়ে কেউ এসব করলে তারা তার দলের কেউ নন।

নির্বাচনের সময় কেউ তাকে ভোট দিয়েছেন, কেউ দেননি উল্লেখ করে পার্থ বলেন, সবাই যেন তাকে সহযোগিতা করেন, যাতে তিনি সবার জন্য কাজ করতে পারেন।

তথ্যমন্ত্রী হওয়ার পর প্রথম ভোলা সফর

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকা ভোলায় যান ভোলা-১ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। তাকে একনজর দেখতে পথে পথে মানুষের উপস্থিতি দেখা যায়।

সকাল থেকে বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ ভোলার খেয়াঘাট থেকে শুরু করে নতুন বাজার, কালীনাথ রায় বাজারসহ বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে তাকে স্বাগত জানান।

দুপুর ১২টার দিকে বরিশাল থেকে স্পিডবোটে ভোলার উদ্দেশে রওনা দেন আন্দালিভ রহমান পার্থ। এ সময় ভোলার খালের দুই পাশে দাঁড়িয়ে মানুষ হাত নেড়ে তাকে শুভেচ্ছা জানান।

দুপুর সোয়া ১টার দিকে তিনি ভোলার খেয়াঘাটে পৌঁছালে জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওসার, জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম, বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লাহসহ বাংলাদেশ জাতীয় পার্টি ও বিএনপির নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন।

পরে খেয়াঘাট থেকে উকিলপাড়ার বাসভবনে যাওয়ার পথে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা হাজারো মানুষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এরপর নতুন বাজার চত্বরে আয়োজিত পথসভায় বক্তব্য দেন তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।