বুধবার

২ সেপ্টেম্বর, ২০২৬ ১৮ ভাদ্র, ১৪৩৩

চায়ের আড্ডায় সাধারণ মানুষের সঙ্গে তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১৪

শেয়ার

চায়ের আড্ডায় সাধারণ মানুষের সঙ্গে তথ্য প্রতিমন্ত্রী
ছবি সংগৃহীত

প্রোটোকলের আনুষ্ঠানিকতা পেছনে রেখে সাধারণ মানুষের সঙ্গে চায়ের আড্ডায় সময় কাটিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর নিজের নির্বাচনী এলাকা নান্দাইলের একটি গ্রামীণ হাটের বাজারে চা-স্টলের বেঞ্চে বসে স্থানীয়দের সঙ্গে কথা বলেন তিনি।

গ্রামীণ পরিবেশে চায়ের দোকানে বসে সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা শোনা এবং তাদের সঙ্গে সময় কাটানোর এ দৃশ্য স্থানীয়দের মধ্যে আগ্রহ তৈরি করে। একজন প্রতিমন্ত্রীকে এভাবে নিজেদের মাঝে পেয়ে উপস্থিত মানুষও স্বতঃস্ফূর্তভাবে তাঁর সঙ্গে কথা বলেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

এ সময় ইয়াসের খান চৌধুরী মনোযোগ দিয়ে স্থানীয়দের কথা শোনেন এবং তাদের সঙ্গে আন্তরিকভাবে মতবিনিময় করেন। কোনো আনুষ্ঠানিক আয়োজন ছাড়াই সাধারণ মানুষের সঙ্গে তাঁর এমন সময় কাটানোয় স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া পড়ে।

স্থানীয়দের ভাষ্য, প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষের সঙ্গে একজন মন্ত্রীর এ ধরনের সরাসরি যোগাযোগ জনসম্পৃক্ততার দৃষ্টান্ত তৈরি করেছে। তারা মনে করেন, সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের কথা শোনা এবং সমস্যাগুলো জানার সুযোগ তৈরি হলে জনপ্রতিনিধি ও জনগণের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়।

নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদিরসহ দলীয় নেতাকর্মীরা বলেন, সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ একজন জনবান্ধব নেতার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কোনো আড়ম্বর ছাড়াই মানুষের সঙ্গে মিশে তাদের কথা শোনার মধ্য দিয়ে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সেই জনসম্পৃক্ততার দৃষ্টান্ত রেখেছেন।

চায়ের দোকানের সাধারণ একটি বেঞ্চে বসে স্থানীয় মানুষের সঙ্গে প্রতিমন্ত্রীর এ আড্ডা তাই নান্দাইলের রাজনৈতিক অঙ্গনে ব্যতিক্রমী এক দৃশ্যের জন্ম দিয়েছে। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের এ উদ্যোগ স্থানীয়দের মধ্যেও ইতিবাচক আলোচনার সৃষ্টি করেছে।