অসহায় কৃষকের আড়াই একর জমি দখলের অভিযোগ উঠেছে গণ অধিকার পরিষদ নেতা দুদা মেম্বারের বিরুদ্ধে। জানা গেছে অভিযুক্ত ব্যক্তি, পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের একজন সদস্য। একইসাথে, বর্তমানে তিনি পানপট্টি ইউনিয়নের গণ অধিকার পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন। কৃষকের জমি দখলের ওই অভিযোগ ঘিরে, ৬ নম্বর ওয়ার্ডের তুলাতলী গ্রামে উত্তাপ ছড়িয়ে পড়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ
ভুক্তভোগীদের অভিযোগ, পৈতৃক ও ক্রয়সূত্রে পাওয়া দুই দশমিক চার একর সম্পত্তি দখলে নিতে সশস্ত্র হামলা চালান গণ অধিকার পরিষদের স্থানীয় সভাপতি দুদা মেম্বার ও তাঁর অনুসারী আরিফ, লিমন, রফিক, ইদ্দিস, জাফর মিস্ত্রি ও রিপনসহ আরও অনেকেই।
স্থানীয় প্রশাসনের রায় তাঁদের পক্ষে থাকলেও, বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভুক্তভোগী পরিবার জমিতে পুনরায় হালচাষ করতে গেলে প্রতিপক্ষ লাঠিসোঁটা নিয়ে দ্বিতীয় দফায় হামলা চালায়। পরে জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। আতঙ্কে ভিটেমাটি ছেড়ে এখন জেলা শহরে অবস্থান করছেন পরিবারটি।
কয়েক দশক ধরে আকন পরিবারকে এই জমিতে চাষাবাদ করতে দেখার সাক্ষ্য দেয় স্থানীয় বাসিন্দারাও।
প্রতিপক্ষের দাবি
সহিংসতার ঘটনা অস্বীকার করে পাল্টা যুক্তি দিয়েছে প্রতিপক্ষ। তাঁদের দাবি, শুধুই ক্রয়সূত্রের বৈধ কাগজপত্র যাচাই নিয়ে তৈরি হয়েছে জটিলতা। এরপর তারাই মানুষ এনে ঝামেলা সৃষ্টি করেছে।
জমি দখলের অপপ্রচার দাবি করে গণ অধিকার পরিষদ নেতা দুদা মেম্বার বলেন মূল বিরোধ দলিলাদি দেখাতে না পারাকে কেন্দ্র করে।
পুলিশের বক্তব্য
জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে একটি মামলা দায়ের করা হয়েছে জানিয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো: ইমতিয়াজ বলেন ঘটনার সাথে সংশ্লিষ্ট সবাই আদালত থেকে জামিন নেওয়ায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
আরও পড়ুন:







