বুধবার

২ সেপ্টেম্বর, ২০২৬ ১৭ ভাদ্র, ১৪৩৩

ইসহাক সরকারের ভাইসহ জামায়াতে যোগ দিলেন ৬৫০ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:০৯

শেয়ার

ইসহাক সরকারের ভাইসহ জামায়াতে যোগ দিলেন ৬৫০ জন
ছবি সংগৃহীত

রাজধানীতে বহিষ্কৃত কেন্দ্রীয় যুবদল নেতা ইসহাক সরকারের আপন ভাই ও বহিষ্কৃত বংশাল থানা বিএনপি নেতা ইয়াকুব সরকারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মোট ৬৫০ জন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের উপস্থিতিতে তারা দলটিতে যোগ দেন।

এর আগে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছিলেন বহিষ্কৃত কেন্দ্রীয় যুবদল নেতা ইসহাক সরকার। এবার তার আপন ভাই ইয়াকুব সরকার ৬০ জন নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন।

যোগদানকারীদের মধ্যে রয়েছেন সাবেক বিচারপতি সৈয়দ শাহিদুর রহমান, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এ এস এম খালেকুজ্জামান, সাবেক সেনা কর্মকর্তা কর্নেল ফারুক হোসাইন, বাংলাদেশ পুলিশের সাবেক এসপি ওবায়দুল হক, জাতীয় দলের সাবেক ফুটবলার ও জাতিসংঘের সাবেক কর্মকর্তা সেলিম আহমেদ, বাংলাদেশ নূরানী শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন এবং গেন্ডারিয়া লাল খাঁ সিটি মসজিদের সেক্রেটারি নেয়ামত উল্লাহ।

এ ছাড়া ব্যবসায়ী আবুল আয়েশ খান, ফিরোজ আলম খান, সিনহা এ খালিদ, হাজি শাহ আলম, আবদুর রাজ্জাক সোহাগ ও হুমায়ন কবিরও জামায়াতে যোগ দিয়েছেন।

যোগদানকারীদের তালিকায় আরও রয়েছেন বংশাল থানার ২ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মুশফিকুর রহমান, ৭৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা হাজি আলতাব হোসেন, ৩৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাবেদ ওমর এবং ৩২ নম্বর ওয়ার্ডের সমাজসেবক মোছলেহ উদ্দিন আহমেদ।

এ ছাড়া কওমি আলেম মুফতি আবুল কালাম আজাদ, মাওলানা এনামুল হক আজাদী, মাওলানা আব্দুর রহমান আল হাবিবী, মাওলানা জসিম উদ্দিন রসুলপুরি ও মাওলানা হাসান জামিলসহ আরও অনেকে জামায়াতে যোগ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের প্রার্থী মো. দেলাওয়ার হোসেন।

তিনি বলেন, বিভিন্ন পেশাজীবী, আইনজীবী, সাবেক বিচারপতি ও বিভিন্ন দলের নেতাকর্মীসহ মোট ৬৫০ জন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।