সোমবার

৩১ আগস্ট, ২০২৬ ১৬ ভাদ্র, ১৪৩৩

চট্টগ্রাম অভিমুখী লংমার্চে হামলা হলে দায় সরকারের: মিয়া গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৬ ২০:৩৬

শেয়ার

চট্টগ্রাম অভিমুখী লংমার্চে হামলা হলে দায় সরকারের: মিয়া গোলাম পরওয়ার
ছবি সংগৃহীত

এগারো দলের চট্টগ্রাম অভিমুখী লংমার্চ কর্মসূচিতে কোথাও হামলা বা বাধার ঘটনা ঘটলে এর দায় সরকারের ওপর বর্তাবে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে রাজধানীর মগবাজারে লংমার্চ কর্মসূচি নিয়ে গণমাধ্যমকে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

ছয় দফা দাবিতে লংমার্চ

গোলাম পরওয়ার বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধসহ ছয় দফা দাবিতে ১১ দলীয় ঐক্য আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ করবে।

তিনি বলেন, কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে নেওয়া হয়েছে।

বিরোধীদলীয় এমপিদের ওপর হামলার অভিযোগ

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, সংসদে ও সংসদের বাইরে বিরোধীদলীয় সংসদ সদস্যদের সঙ্গে কটু ভাষায় কথা বলা হচ্ছে। সরকারদলীয় নেতাকর্মীরা বিরোধীদলীয় এমপিদের ওপর হামলা চালাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

গণতন্ত্রকে সমুন্নত রাখতে বিরোধী দলের গণতান্ত্রিক কর্মসূচি লংমার্চে সরকার কোনো ধরনের বাধা সৃষ্টি করবে না বলে আশা প্রকাশ করেন তিনি।

শান্তিপূর্ণ ও গঠনমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার, সরকারদলীয় শীর্ষ নেতা এবং সরকারি আমলাদের সহযোগিতা করার আহ্বানও জানান গোলাম পরওয়ার।

বাধা দিলে জনঅনাস্থা বাড়ার আশঙ্কা

সরকারকে সতর্ক করে গোলাম পরওয়ার বলেন, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে কোথাও বাধা দেওয়া হলে, সন্ত্রাসীদের মাধ্যমে হামলা করা কিংবা ভয়ভীতি দেখানো হলে অথবা নাশকতার চেষ্টা করা হলে তা প্রমাণ হবে যে, জুলাই অভ্যুত্থানের পর জুলাই সনদের আলোকে আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশকে সরকার ধারণ করে না।

তিনি বলেন, লংমার্চকে বাধাগ্রস্ত করা হলে সরকারের প্রতি জনঅনাস্থা আরও বাড়বে।

৫ সেপ্টেম্বর শাপলা চত্বর থেকে যাত্রা

লংমার্চ কর্মসূচির দিন ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় শাপলা চত্বরে সমাবেশের মাধ্যমে বহর চট্টগ্রামের উদ্দেশে রওনা হবে।

পথিমধ্যে নারায়ণগঞ্জ, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহিপাল এবং চট্টগ্রামের মিরসরাইয়ে পথসভায় মিলিত হবে লংমার্চের বহর।

এ ছাড়া অনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে বিপুল জনসমাগমস্থলে ১১ দলের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন বলেও জানানো হয়েছে।