ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া-বাতাস শুধু সামাজিক যোগাযোগমাধ্যম ও ভারতে দেখা যায় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া-বাতাস শুধু দুই জায়গায় দেখা যায়। একটি সামাজিক যোগাযোগমাধ্যম, অন্যটি হয়তো ভারত। বাংলাদেশে আওয়ামী লীগ ফেরার কোনো বাতাস আসার সুযোগ নেই।
শেখ হাসিনার ফিরে আসা প্রসঙ্গে তিনি বলেন, স্বাধীন-সার্বভৌম ভূখণ্ডে গণহত্যাকারী, খুনি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কিংবা কোনো সাজাপ্রাপ্ত আসামি ফিরতে পারবে না। বাংলাদেশে ঢুকলে জনগণ তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে।
জ্বালানি সমস্যার প্রসঙ্গ তুলে সারজিস আলম বলেন, অর্থমন্ত্রী ও জ্বালানি মন্ত্রী যদি বলেন বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তাহলে সংশ্লিষ্ট খাতের প্রত্যেক মন্ত্রীর পদত্যাগ করা উচিত। এখানে শুধু একজন মন্ত্রীকে দায় দিয়ে লাভ নেই।
তিনি বলেন, এ দায়ভার প্রধানমন্ত্রী তারেক রহমান কোনোভাবে এড়াতে পারেন না। কোনো মন্ত্রী সঠিকভাবে তার মন্ত্রণালয় পরিচালনা করতে না পারলে তাকে অপসারণ করা প্রধানমন্ত্রীর দায়িত্ব। তা না করে ব্যর্থ মন্ত্রীকে পদে বহাল রেখে ব্যর্থতার নাটক দেখলে সেই দায়ও এড়ানো যাবে না।
আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে তার মন্ত্রণালয়ের দিকে আরও নজর দেওয়া উচিত। তিনি বর্তমানে প্রধানমন্ত্রীর প্রক্সি হিসেবে কাজ করছেন বলে মন্তব্য করেন সারজিস। তবে এ দায়িত্ব পালনের কারণে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যথেষ্ট নজর দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আশরাফ উদ্দিন মাহদি এবং কেন্দ্রীয় ছাত্রশক্তির আহ্বায়ক বাকের মজুমদারসহ অন্যরা।
আরও পড়ুন:







