শনিবার

২৯ আগস্ট, ২০২৬ ১৪ ভাদ্র, ১৪৩৩

হাসনাত দুঃখপ্রকাশ না করলে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মসূচি নয়: রফিকুল মাদানী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬ ১৪:০৭

শেয়ার

হাসনাত দুঃখপ্রকাশ না করলে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মসূচি নয়: রফিকুল মাদানী
ছবি সংগৃহীত

বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করে দ্রুত দুঃখপ্রকাশ না করলে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ কোনো ধরনের কর্মসূচি বা অনুষ্ঠান করতে পারবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানী।

শনিবার (২৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে রফিকুল ইসলাম মাদানী বলেন, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ জামিয়া ইউনুসিয়ার প্রতি গভীর ভালোবাসা থেকে কঠোর প্রতিবাদ জানাতে জানে। তবে কেউ ভুল স্বীকার করলে তারা ক্ষমা করে তাকে বুকে টেনে নিতেও পিছপা হয় না।

তিনি লেখেন, ব্রাহ্মণবাড়িয়ায় জামিয়া ইউনুসিয়াকে কেন্দ্র করে কোনো ঝামেলা বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কিছু ঘটার খবর ছড়িয়ে পড়লে দোকানদার, কর্মচারী, কৃষক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জামিয়াকে রক্ষায় এগিয়ে আসেন। তার ভাষ্য অনুযায়ী, জামিয়াকে ঘিরে স্থানীয় মানুষের আবেগ অত্যন্ত গভীর।

এনসিপি ও হাসনাত আবদুল্লাহর প্রসঙ্গ টেনে রফিকুল ইসলাম মাদানী বলেন, হাসনাত আবদুল্লাহ তার বক্তব্য প্রত্যাহার করে দুঃখপ্রকাশ না করলে ব্রাহ্মণবাড়িয়ায় কোনো কর্মসূচি করতে পারবেন না।

তিনি আরও বলেন, হাসনাত আবদুল্লাহ দ্রুত ওই বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আঘাত পেলে যেমন উত্তপ্ত হয়ে ওঠে, তেমনি তারা ক্ষমা করতেও জানে বলে উল্লেখ করেন তিনি।

রফিকুল ইসলাম মাদানী বলেন, হাসনাত আবদুল্লাহর শরীর বা গায়ের রং নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যারা আপত্তিকর মন্তব্য করেছেন, তাদেরও এমন মন্তব্য করা ঠিক হয়নি। তিনি সংশ্লিষ্টদের নিজ নিজ আইডি থেকে দুঃখপ্রকাশের আহ্বান জানান।

সবশেষে হাসনাত আবদুল্লাহর প্রতি দ্রুত দুঃখপ্রকাশ করে বিষয়টির সমাপ্তি টানার আহ্বান জানান রফিকুল ইসলাম মাদানী। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তাকে ছোট করে কিছু অর্জন করতে চায় না এবং তিনি ভুল বুঝতে পেরে নিজেকে সংশোধন করলে মানুষের ভালোবাসা এখনও পাবেন।