বর্তমান সময়ে রাজনীতিবিদদের সম্পর্কে মানুষের মধ্যে দুর্নীতিবাজ হিসেবে একটি ধারণা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। তিনি আরও বলেন , এই দেশের কিছু রাজনীতিবিদ বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার করে। এসময় তিনি বলেন , বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিছু রাজনীতিবিদ ছিলেন, যারা রাজনীতিতে আদর্শ হিসেবে অনুসরণীয়।
শুক্রবার চাঁপাইনবাবগঞ্জে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি ইউসুফ আল গালিবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চাঁপাই নবাবগঞ্জ সদর ৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিগবাতুল্লাহ শিগবা, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাই নবাবগঞ্জ জেলা শাখার আমীর মাওলানা আবু জর গিফারী সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এসময় চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩ শতাধিক শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেয়।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগানোর আহ্বান জানান। একই সঙ্গে উচ্চশিক্ষার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন:







