বুধবার

১৯ আগস্ট, ২০২৬ ৪ ভাদ্র, ১৪৩৩

হলফনামায় তথ্য গোপন: হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৬ ১২:১১

শেয়ার

হলফনামায় তথ্য গোপন: হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট
ছবি সংগৃহীত

হলফনামায় তথ্য গোপন করার অভিযোগে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী নিজেই।

রিটটি বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে শুনানি হবে বলে জানিয়েছেন মো. ইউনুছ আলী আকন্দ।

রিটে আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করাসহ এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ ও তাৎক্ষণিক উদ্যোগ নিতে আইন মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের মধ্যে সবচেয়ে কম বয়সে সংসদ সদস্য নির্বাচিত হন এনসিপির নেতা আবদুল হান্নান মাসউদ। নির্বাচনী হলফনামার তথ্য অনুযায়ী, তিনি ছিলেন সবচেয়ে কম বয়সী প্রার্থী।

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে জাতীয় রাজনীতিতে পরিচিতি পান হান্নান মাসউদ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে তিনি আন্দোলনে ভূমিকা রাখেন। আন্দোলনের বিভিন্ন পর্যায়ে নেতৃত্বের শূন্যতায়ও তিনি সক্রিয় ছিলেন।

পরবর্তী সময়ে তিনি জাতীয় নাগরিক কমিটিতে যোগ দেন। সেখান থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনীতিতে যুক্ত হন তিনি।



banner close
banner close